'স্টার ওয়ার্স'কে সরিয়ে শীর্ষে 'রাইড অ্যালোং টু'
টানা চার সপ্তাহ শীর্ষে থাকার পর এবার নিচে নেমেছে 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স'। নতুন অ্যাকশন-কমেডি 'রাইড অ্যালোং টু'কে জায়গা ছেড়ে দিতে হয়েছে সিনেমাটিকে।
বক্স-অফিসে শীর্ষে অবস্থান নিয়েই যাত্রা শুরু করলো 'রাইডিং অ্যালোং'-এর এই সিকুয়াল। প্রথম তিন দিনে সিনেমাটির আয় ছিল ৩ কোটি ৪০ লাখ ডলার। তবে ২০১৪ সালে মুক্তি পাওয়া প্রথম পর্ব থেকে ১৮ শতাংশ কম আয় করেছে 'রাইড অ্যালোং টু', যার আয় ছিল ৪ কোটি ১৫ লাখ ডলার।
১২টি অস্কার মনোনয়ন পাওয়া 'দ্য রেভনেন্ট' আছে তালিকার দ্বিতীয় স্থানে, আয় করেছে ২ কোটি ৯৫ লাখ ডলার। তবে সিনেমাটির আয় গত সপ্তাহের চেয়ে কমেছে ২৬ শতাংশ।
ওদিকে চার সপ্তাহ শীর্ষে থেকে এবার সোজা তৃতীয় অবস্থানে নেমে এসেছে 'স্টার ওয়ার্স'। ৪১ শতাংশ আয় কমার পর চলতি সপ্তাহে সিনেমাটি কামিয়েছে ২ কোটি ৫১ লাখ ডলার।
স্টার ওয়ার্স সিরিজের এই সপ্তম কিস্তি মুক্তির ৩১ দিনে ৮৫ কোটি ডলার আয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্রেই। বিশ্বজুড়ে শত কোটি ডলারের বেশি আয় করা সিনেমাটি সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির তালিকায় প্রথম পাঁচে ঠাঁই করে নিয়েছে।
