একই দিনে দুদেশে 'ছুঁয়ে দিল মন', 'বেলাশেষে'র মুক্তি
ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা 'ছুঁয়ে দিল মন' এবং ভারতীয় সিনেমা 'বেলাশেষে'। সাফটা অন্তর্ভূক্ত দেশগুলোর মধ্যে আমদানি চুক্তির আওতায় সিনেমা দুটো মুক্তি পাচ্ছে ২৬ জানুয়ারি।
দু দেশের সেন্সর বোর্ডেই কোনো প্রকার কর্তন ছাড়া ছাড়পত্র পেয়েছে সিনেমা দুটি। এশিয়াটিক ধ্বনিচিত্র এবং মনফড়িং প্রযোজিত 'ছুঁয়ে দিল মন' এর পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে ভারতের পিয়ালি ফিল্মস এবং জিরোনা এন্টারটেইনমেন্ট।
২০১৫ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা 'ছুঁয়ে দিল মন'-এ অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ জাকের, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ। আর নন্দিতা রায় এবং শিবপ্রসাদ রায় পরিচালিত 'বেলা শেষে' সিনেমাটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখার্জি, মোনামি ঘোষ প্রমুখ।
