২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানকে পাঁচবার ফিরিয়েছেন দিপিকা

পর পর পাঁচবার সালমানের নায়িকা হওয়ার সুযোগ ফিরিয়ে দিয়েছেন বলিউডের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত অভিনেত্রী দিপিকা পাড়ুকোন। ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘শের খান’, ‘জয় হো’ এবং ‘কিক’ সিনেমায় বলিউড ভক্তরা হয়তো দেখতে পারতেন সাল্লু-দিপিকা জুটি। সবশেষ সম্ভাবনাটা তৈরি হয়েছিল ‘সুলতান’কে ঘিরে। কিন্তু প্রতিবারই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিপিকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

‘সুলতান’ সিনেমায় সালমানকে দেখা যাবে ভিন্ন এক অবতারে। একজন মল্লযোদ্ধার চরিত্রে সালমানের বিপরীতে দিপিকাকে নেয়ার জোর গুঞ্জন চলছিল আগে থেকেই। নির্মাতা আলি আব্বাস জাফর এবং প্রযোজক আদিত্য চোপড়া ‘সুলতান’ এর নায়িকা হিসেবে খুঁজছিলেন খেলাধুলায় অভিজ্ঞ একজন অভিনেত্রীকে। প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দিপিকা ছোটবেলা থেকেই শাটল কক পিটিয়ে অভ্যস্ত। জাতীয় পর্যায়ের খেলোয়াড়ও তিনি। তাই সালমানের বিপরীতে ‘সুলতান’ এর সম্ভাব্য নায়িকা ধরা হচ্ছিল তাকেই।

কিন্তু এবারও খালি হাতে ফিরতে হলো নির্মাতাদের। পছন্দ না হবার কারণে দিপিকা চরিত্রটি ফিরিয়ে দেয়ায় চরিত্রটি রূপায়নের দায়িত্ব এখন পড়েছে অভিনেত্রী আনুশকা শর্মার ঘাড়ে। অভিনেত্রী নির্বাচনের ব্যাপারে সিনেমাটির সঙ্গে জড়িত ঘনিষ্ট একটি সূত্র জানায়, “দিপিকা, পারিনিতি এবং কাঙ্গানাকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছিল। কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। নির্মাতারা কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন। তাদের এমন একজন অভিনেত্রীর দরকার ছিল যার পেশাদারী খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।"

শোনা যাচ্ছিল শাহরুখ খানের বিপরীতে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা দিপিকা শাহরুখ শিবিরের সদস্য হওয়ায় সালমানকে এড়িয়ে চলছেন। কিন্তু শাহরুখ-সালমানের সম্পর্ক এখন বেশ ভালো। কাজেই দিপিকার আপত্তির আর কি কারণ থাকতে পারে? 

দিপিকা অবশ্য জানালেন, ‘দাবাং’ তারকার বিপরীতে অভিনয় করতে দারুণ আগ্রহী তিনি।

“আমি অবশ্যই তার সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাই। তবে সেটা হতে হবে সঠিক সময়ে, সঠিক একটি সিনেমা।"