২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী পর্দার বোয়ি: নায়কের চেয়ে বেশি কিছু

রূপালী পর্দার নাটকীয়তা ও গ্ল্যামার মিউজিক ভিডিওতে নিয়ে এসেছেন বহু আগেই। সঙ্গীত ভূবনে পাঁচ দশক কাটানো এই ব্রিটিশ রক সঙ্গীতশিল্পীর পপ আইকন হয়ে ওঠার পেছনে সেলুলয়েডে তার অবিস্মরণীয় উপস্থিতিও অবদান রেখেছে। এক দশক সময় তিনি দিয়েছিলেন রূপালী পর্দাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 03:43 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

যে গানটি দিয়ে বোয়িকে চিনেছিল পুরো জগত, সেই ‘স্পেইস ওডিটি’ গানটিতেই রসদ হিসেবে লুকিয়ে আছে আস্ত একটা বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণের সব উপাদান।

ফ্র্যাঙ্ক সিনাত্রা, এলভিস প্রিসলি, ম্যাডোনা- এরা সবাই একে একে নাম লিখিয়েছেন সিনেমায়। তবে বোয়ির পর্দার উপস্থিতি ছিল একেবারেই অন্যরকম। নায়ক হিসেবে নয়, নিজের ভাবাদর্শে গড়া নীরিক্ষাধর্মী চরিত্রেই তিনি আবির্ভূত হয়েছেন।

বোয়ির প্রথম সিনেমা ছিল ‘দ্য ম্যান হু ফেল অন আর্থ’। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ছিল একজন ভিনগ্রহের প্রাণীকে নিয়ে, যে পৃথিবীতে হাজির হয় নিজের মৃতপ্রায় গ্রহের জন্য পানি এবং প্রাকৃতিক উপাদানের সংগ্রহে। একজন মহাকাশের আগন্তুকের চরিত্রটি দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলতে পেরেছিলেন বোয়ি।

অভিনয়ে কোনো প্রশিক্ষণ ছিল না তার। তাই ভঙ্গি ছিল অনন্য। ‘দ্য ম্যান হু ফেল অন আর্থ'-এ তার চরিত্রের স্থিরতা ও ঔদ্ধত্য যেন তার মঞ্চ ব্যক্তিত্বেরই এক প্রতিফলন। ১৯৭৮ সালে বার্লিনের প্রতি আকর্ষণ তাকে এনে দেয় ডেভিড হেমিংসের ‘জাস্ট এ জিগোলো’ সিনেমার একটি চরিত্র। একজন সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যায় বোয়িকে, যিনি প্রথম বিশ্বযুদ্ধের পর নিজের কর্মহীনতার বিষন্নতায় হয়ে যান একজন পেশাদার নৃত্যশিল্পী। যদিও এই জটিল চরিত্রটিকে নেতিবাচক চোখেই দেখেছিলেন রূপালী পর্দার সমালোচকরা। প্রশ্নবিদ্ধ হয়েছিল বোয়ির অভিনয় দক্ষতা, যদিও ‘জাস্ট এ জিগোলো’ পরবর্তীতে পায় কাল্ট সিনেমার স্ট্যাটাস।

তবে সেখান থেকেই বোয়ির সিনেমা ক্যারিয়ার নিলো অন্যদিকে মোড় নেয়। ১৯৮৩ সালে জাপানী চলচ্চিত্রকার নাগিসা ওশিমার ‘মেরি ক্রিসমাস মি. লরেন্স’- এ তার অভিনয় পায় পরিপক্বতা। একজন বিদ্রোহী সেনা কর্মকর্তার ভূমিকায় দেখা যায় বোয়িকে, যিনি জাপানী একটি শিবিরের শাসনের পথে বাধা হয়ে দাড়ান। টম কোটির সঙ্গে তার রসায়ন সিনেমার প্রাণ হয়ে দাড়ায়।

কল্পনাজগত থেকে ধার করে আনা এক অদ্ভুত চরিত্রে ডেভিড বোয়ি পর্দায় ফেরেন ১৯৮৬ সালে। ‘ল্যাবেরিন্থ’ সিনেমায় অভিনয় করেন জ্যারেথ দ্য গবলিন কিং নামের এক জাদুকরের ভূমিকায়। কল্পজগতের ফেরিওয়ালা বোয়ির জন্য চরিত্রটি নিঃসন্দেহে ছিল মানানসই।

ক্যারিয়ারে ব্যর্থতার স্বাদও পেয়েছেন। মার্টিন স্করসেজির ‘দ্য লাস্ট টেম্পটেইশন অফ ক্রাইস্ট’ সিনেমায় পন্টিয়াস পাইলেট চরিত্রটির গুরুত্ব দিয়ে ফুটিয়ে তুলতে পারেননি। বিশেষত মার খেয়েছিল উইলিয়াম ডেফোর যিশু চরিত্রের অনবদ্য রূপায়ণের কাছে। সিনেমায় অভিনয় চালিয়ে গিয়েছেন এরপরও। সবশেষ স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন ক্রিস্টোফার নোলানের ‘দ্য প্রেস্টিজ’ সিনেমায়। রহস্যময়, প্রতিভাবান বিজ্ঞানী নিকোলা টেসলার ভূমিকায় ছিলেন চমৎকার। টেসলা চরিত্রের রহস্যময়তাকে দারুণভাবেই তুলে ধরেছেন।

ক্যান্সারের কাছে হার মানবার আগ পর্যন্ত প্রমাণ রেখে গেছেন নিজের ক্যারিশমার। মৃত্যুর দুদিন আগেই ছিল জন্মদিন, সে উপলক্ষে মুক্তি পেয়েছিল তার ২৬ তম স্টুডিও অ্যালবাম ‘ব্ল্যাক স্টার’। আঠার মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন, জানাননি কাউকে। কিন্তু ‘ব্ল্যাক স্টার’ গানের মিউজিক ভিডিওতে বোয়িকে দেখা যায় অসহায় মৃত্যুপথযাত্রী রূপে। নিজের চলে যাবার মঞ্চ নিজ হাতে সাজিয়েছেন। আর পেছনে ফেলে রেখে গেছেন প্রতিভা আর রহস্যে পরিপূর্ণ একজন প্রথাবিরোধী আইকনকে।