২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসের খেলায় 'ওয়াজির'-এর হার

বছরের শুরুতেই অমিতাভ বচ্চন এবং ফারহান আখতার হাজির তাদের নতুন সিনেমা নিয়ে। অ্যাকশন-থ্রিলার 'ওয়াজির' -এর জন্য দীর্ঘদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন দর্শক। কিন্তু প্রথম দিনের আয়ে তার প্রতিফলন ঘটেনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 03:17 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি শুধু ভারত থেকে আয় করেছে ৫ কোটি ৫৭ লাখ রুপি।

আন্তর্জাতিক বাজারের আয় যোগ করলে প্রথম দিনে প্রায় দশ কোটির অঙ্ক ছুঁয়েছে বিধু ভিনোদ চোপড়া প্রযোজিত সিনেমাটি। মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাসহ আন্তর্জাতিক বাজারে সিনেমাটির প্রথম দিনের আয় ৪ কোটি ৭ লাখ রুপি। ভারত এবং আন্তর্জাতিক আয় মিলে 'ওয়াজির' এর প্রথম দিনের আয় ৯ কোটি ৬৪ লাখ রুপি।

বিজয় নাম্বিয়ারের পরিচালিত সিনেমাটি নিয়ে এক বিবৃতিতে বিধু ভিনোদ চোপড়া বলেন, "যে সিনেমাটি হলের মাত্র দশ শতাংশ পূর্ণ করে দেখানো শুরু হয়, সেটির দর্শক দিনশেষে বেড়ে দাড়ায় আশি-নব্বই শতাংশে। এবং আজ (শনিবার) সিনেমাটি দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে চলছে। এটি অসাধারণ একটি ব্যাপার এবং আমি এজন্য আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ।"

প্রযোজক যতই আশাবাদী হন না কেন, ৮৭ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটির গায়ে হিটের তকমা লাগাতে আরো বহু দূর যেতে হবে।

পক্ষাঘাতগ্রস্থ এক প্রবীণ দাবাড়ু এবং একজন সন্ত্রাসবাদ বিরোধী বিভাগের পুলিশ কর্মকর্তার মাঝখানে গড়ে ওঠে ভিন্ন এক বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প। অমিতাভ বচ্চন এবং ফারহান আখতার ছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি ও নিল নিতিন মুকেশ। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা গেছে জন অ্যাব্রাহামকে।