‘আরাধিয়ার সঙ্গে আব্রামকে বড় মানাবে’
আরাধিয়া বচ্চন এবং আব্রাম খান - বয়স এখনো পাঁচ হয়নি কিন্তু তাদের নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এখন থেকেই। আব্রামের বাবা শাহরুখ খানের মতে, সিনে পর্দায় অভিষেক বচ্চন তনয়া আরাধিয়ার সঙ্গে ভালোই মানাবে তার ছেলেকে। একমত পোষণ করেছেন আরাধিয়ার দাদা অমিতাভ বচ্চনও।
সম্প্রতি শাহরুখকে জিজ্ঞেস করা হয়, এ সময়ের সবচেয়ে সুন্দর পর্দাজুটি কোনটি? উত্তরে রানভির-দিপিকা কিংবা আলিয়া-সিদ্ধার্থের নাম না নিয়ে বরং শাহরুখ বলেন, তার চোখে সবচেয়ে সুন্দর জুটি হবে আরাধিয়া-আব্রাম!
সঙ্গে সঙ্গে কিং খানের ‘দিলওয়ালে’ সহশিল্পী কাজল তাকে মনে করিয়ে দেন, আরাধ্যা কিন্তু আব্রামের চেয়ে বয়সে বড়।
শাহরুখের তড়িৎ জবাব, ‘ভালোবাসার কোনো বয়স নেই।‘
শাহরুখের সঙ্গে একমত হয়েছে আরাধিয়ার দাদা অমিতাভও। তিনি বলেন,“যদি শাহরুখ এ কথা বলে থাকেন, তাহলে বলবো তার মুখে ফুল চন্দন পড়ুক।”
আরাধিয়ার মা ঐশ্বরিয়ার সঙ্গে পর্দায় রোমান্স করেছেন আব্রামের বাবা শাহরুখ। তাদের জুটি ব্যাপক সমাদৃত হয়েছে দর্শকের কাছে। এবার দেখার পালা তাদের সন্তানেরা কি করেন!
