দ্রুততম শত কোটি ডলার আয় ‘স্টার ওয়ার্স’-এর
তর তর করে বাড়ছে ‘স্টার ওয়ার্স’ সিরিজের সপ্তম সিনেমা ‘দ্য ফোর্স অ্যাওইকেন্স’ এর আয়ের অঙ্ক। মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটি করে ফেলেছে দ্রুততম বিলিয়ন ডলার আয়ের রেকর্ড। আর সেই সঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ৫১ নাম্বার থেকে এক লাফে ১৫ নাম্বারে উঠে এসেছে সিনেমাটি।
এছাড়া্ দ্বিতীয় সপ্তাহের আয়েও রেকর্ড গড়েছে ‘স্টার ওয়ার্স’-এর সপ্তম কিস্তি। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এর আগে দ্বিতীয় সপ্তাহে সর্বাধিক আয়ের রেকর্ড ছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর দখলে। এ বছরের জুলাইয়ে মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছিল ১০ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।
‘স্টার ওয়ার্স’ মূল ট্রিলজির ত্রিশ বছর পরের পটভূমিতে নিয়ে নির্মিত ‘দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাটির পাঁড় ভক্তরা। শুধু যুক্তরাষ্ট্রেই সিনেমাটির মোট আয় ৫৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। সিনেমাটি ছাড়িয়ে গেছে সিরিজের অন্য ছয়টি সিনেমার মার্কিন বক্স-অফিস আয়ের সীমাকে।
সিনেমাটি এই সপ্তাহেই দেড় বিলিয়ন ডলার ছাড়িয়ে শীর্ষ পাঁচ সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ঢুকে পড়বে বলেই ধারণা নির্মাতাদের।
