২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের সেরা ১৫ সংলাপ

৫০ বছরের জীবনে অভিনয় করছেন ২৭ বছর ধরে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমার পাশাপাশি স্মরণীয় কিছু সংলাপেরও জনক হয়েছেন তিনি। এমন ১৫টি সংলাপের কথা মনে করিয়ে দিতেই এই আয়োজন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:15 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

১।দোস্তি কা উসুল হ্যায় ম্যাডাম, নো সরি, নো থ্যাংক ইউ

নিজের প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’তেই সালমানের এই সংলাপটি তুমুল জনপ্রিয়তা পায়। বন্ধুত্ব থেকে প্রেমে পরিণতি পাওয়া সম্পর্ক নিয়ে তৈরি সিনেমাটির এই অবিস্মরণীয় সংলাপ মানুষের মুখে মুখে ফিরেছে অনেকদিন। এমনকি রানবির-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমায়ও সালমানভক্ত ক্যাটরিনাকে রানবির এই সংলাপটিই বলেন।

২।ভাগ আর্জুন...ভাগ

শাহরুখ-সালমানের ‘কারান-আর্জুন’ সিনেমার বিখ্যাত সংলাপ এটি। পুনর্জন্মের কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমায় নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভাইকে বাঁচানোর জন্য তার এই সংলাপ যারা শুনেছে ভুলতে পারেনি কেউই।

৩। ম্যায় তেরা পুঙ্গি বাজাউঙ্গা

১৯৯৯ সালের কমেডি সিনেমা ‘হ্যালো ব্রাদার’ এর এই সংলাপও তার ভক্তদের কাছে সুপরিচিত। রানি মুখার্জি এবং ভাই আরবাজ খানের সাথে অভিনীত এই সিনেমায় মনে রাখার মতো এই সংলাপটি দিয়ে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন সালমান।

৪। আগার তুম মুঝে ইউহি দেখতি রাহি তো পেয়ার হো জায়েগা

সালমান-ঐশ্বরিয়ার ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার সুপরিচিত সংলাপ এটি। সঞ্জয় লিলা বানসালি নির্মিত প্রেমের এই অসাধারণ উপাখ্যান মন জয় করেছে সবারই। ঐশ্বরিয়াকে উদ্দেশ্য করে বলা সালমানের এই সংলাপ হৃদয় ছুঁয়ে দিয়েছে লাখো দর্শকের। তাই সালমানের বলা সংলাপগুলোর মধ্যে অন্যতম সেরা এটি।

৫। ম্যায় রিকোয়েস্ট নেহি কারতা...একহি বার বোলতা হু...অউর ফুল অ্যান্ড ফাইনাল হো যাতা হ্যায়

এক দুঃখময় সত্যি ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘তেরে নাম’- এর এই সংলাপের কথা দর্শকদের অবশ্যই মনে আছে। এই সিনেমায় সালমান অভিনীত রাধে চরিত্রটির বেপরোয়া স্বভাব সম্পূর্ণভাবে ফুটে ওঠে এই সংলাপের মধ্য দিয়ে। ২০০৩ সালে নির্মিত এই সিনেমায় সালমানের চুলের কাট এতই জনপ্রিয় হয়েছিল যে, সবাই সেভাবে চুল কাটতে শুুুরু করেন।

৬। প্রোপোজ কারনে মে ইতনা পজ লাগা...তো ওহ তুঝে ডিজপোজ কারকে চালি যায়েগি

‘পার্টনার’ সিনেমায় গোবিন্দকে উদ্দেশ্য করে সালমান বলেন এই কথা। হাস্যরসাত্মক এই সিনেমায় গোবিন্দকে প্রেমের পাঠ শেখাতে এই সংলাপ বলেন সালমান।

৭। একবার জো ম্যায়নে কমিটমেন্ট কারদি, উসকি বাদ ম্যায় খুদ কি ভি নেহি শুনতা

‘ওয়ান্টেড’ সিনেমায় সালমানের বলা এই সংলাপ বহুল প্রচলিত। অনেক ভক্তকে দেখা গেছে এই সংলাপ বলে ভিডিও তৈরি করতে। ইউটিউব ভিডিও থেকে শুরু করে হালের ‘ডাবস্ম্যাশ’ সব খানেই শোনা যায় এই সংলাপ।

৮। মুঝে খুদকো ভি নেহি পাতা কি ম্যায় কিতনা কামিনা হু

‘ওয়ান্টেড’ সিনেমারই আরেক সংলাপ এটি। এই সংলাপে নিজেকে নিয়েই উপহাস করার মাধ্যমে  শত্রুদের ভয় দেখাতে দেখা যায় সালমানকে।

৯। হামারা নাম হামারে পারসোনালিটিকো শোভা দেতা হ্যায়...চুলবুল পান্ডে উরফ রবিন হুড পান্ডে

‘দাবাং’ নামের যে সিনেমাটির জন্য সালমানের অলিখিত নামই গেছে ‘দাবাং খান’, সেই সিনেমার অন্যতম একটি সংলাপ এটি। সিনেমায় হাসির ছলে খলচরিত্রদের শিক্ষা দেওয়ার সময় এই সংলাপ বলেন পুলিশ কর্মকর্তা সালমান।

১০। মা কা ঝুটি কাসাম নেহি খাতে...ঝুটিয়া সালা

‘দাবাং’ এর দ্বিতীয় পর্ব ‘দাবাং ২’- এ চুলবুল পান্ডের আরেকটি বিখ্যাত সংলাপ এটি। শত্রুর হুমকির বিপরীতে তাকে গুলি করে বেশ সহজভাবে বলা এই ডায়ালগ আকৃষ্ট করে ভক্তদের।

১১। জিন্দেগী মে তিন চিজ আন্ডারএস্টিমেট নেহি কারতে- আই, মি অ্যান্ড মাইসেলফ

২০১১ সালের সিনেমা ‘রেডি’র ডায়ালগ এটি। এখানেও বেপরোয়া এক চরিত্রে দেখা যায় সালমান খানকে।

১২। মেরি ডিউটি কি আলাভা না মুঝে কুছ সুনাই দেতা হ্যায়, না দিখাই দেতা হ্যায়

‘বডিগার্ড’ সিনেমায় সালমানকে বলতে শোনা যায় এই সংলাপ। কারিনা এবং সালমান অভিনীত সিনেমায় বডিগার্ড হিসেবে দেখা যায় সালমান খানকে। এই সংলাপের মাধ্যমেই কাজের প্রতি প্রচণ্ড নিষ্ঠার কথা জানান দেন সিনেমায় দেহরক্ষীর চরিত্রে অভিনয় করা সালমান।

১৩। ডেভিল আপকে পিছে, আপ ডেভিলকে পিছে...টু মাচ ফান

এটি ২০১৪ সালের অ্যাকশনধর্মী সিনেমা ‘কিক’ এর সংলাপ। সিনেমায় পরোপকারী কিন্তু খামখেয়ালী এক মেধাবী প্রকৌশলীর ভূমিকায় অভিনয় করেন সালমান, যিনি অন্যায়ের সঙ্গে লড়তে অপরাধী হয়ে যান।

১৪। হাম বাজরাঙ্গবালিকে ভাক্ত হ্যায়...কোই ভি কাম চোরি-ছুপে নেহি কারতে

হনুমানভক্ত এক সহজ-সরল যুবকের স্বীকারোক্তি এই সংলাপ। এই বছরের সুপারহিট সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’-এ বোবা এক পাকিস্তানি মেয়েকে বাড়ি ফিরিয়ে দেয়ার গুরু দায়িত্ব কাঁধে নেয়া এক হিন্দু যুবকের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন সালমান।

১৫। হার ফ্যামিলি মে প্রবলেম হ্যায়...পার ও খুসনাসিব হ্যায়...যিনকি ফ্যামিলি হোতি নেহি

এই বছরে সালমানের আরেক উপহার ‘প্রেম রাতান ধান পায়ো’র সংলাপ এটি। পারিবারিক দ্বন্দ্বর্নিভর এই সিনেমায় সালমানের বলা এই সংলাপ সহজেই জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে।