'ভাইজান' হয়েই অর্ধশতক
২০১৫ সালটা নিজের করে নিয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। ‘বাজরাঙ্গি ভাইজান’ আর ‘প্রেম রাতান ধান পায়ো’- দুটি ছবিই বক্স-অফিসে রেকর্ড-ভাঙা ব্যবসা করেছে। আবার মুম্বাইয়ে গাড়ি চাপা মামলা থেকেও রেহাই পেয়ে গেছেন। তবে সবচেয়ে বড় কথা হলো, জীবনের পঞ্চাশ বছর পূর্ণ করেও ধরে রেখেছেন অবিবাহিতের তকমা।
গত মাসে ‘প্রেম রাতান ধান পায়ো’তে সনম কাপুরের মতো কন্যাসমা নায়িকার বিপরীতে একটুও বেমানান লাগেনি তাকে। সেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’র ভাগ্যশ্রী কিংবা ‘হাম আপকে হায় কৌন’-এর মাধুরীর মতোই সোনামের বিপরীতে প্রাণবন্ত প্রেমিক সাজতে পেরেছেন তিনি।
তার পুরো নাম আবদুর রশিদ সেলিম সালমান খান। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম। বাবা সেলিম খান ও মা সুশীলা চারাক। সেলিম খান হিন্দি ছবির চিত্রনাট্যকার হিসেবে খ্যাত। বিমাতা হেলেন নামকরা নৃত্যশিল্পী ও অভিনেত্রী। ফলে ফিল্মি আবহাওয়াতেই তিনি বেড়ে উঠেছেন। ভাই আরবাজ ও সোহেল খান, ভাতৃবধূ মালাইকা আরোরা খান, ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী সবাই চলচ্চিত্র জগতের মানুষ।
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্ব-চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হলো চলচ্চিত্রে পথ চলা। সে ছবিতে রেখার দেবরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।এর পর ১৯৮৯ সালে সুরাজ বারজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’তে নায়ক হয়ে রাতারাতি তারকাখ্যাতি। তার বিপরীতে নায়িকা ছিলেন ভাগ্যশ্রী। প্রথম নায়ক হয়েই ফিল্মফেয়ার আসরে সেরা অভিনেতার মনোনয়ন পেলেন এবং জয় করেন সেরা নবাগতের পুরস্কার।
ছবিটির দুর্দান্ত বাণিজ্যিক সাফল্যের পর বেশ কয়েকটি ছবিতে রোমান্টিক নায়কের চরিত্রে অভিনয় করেন। নাগমার বিপরীতে ‘বাগি’, রাভিনা ট্যান্ডনের বিপরীতে ‘পাত্থর কি ফুল’, আয়শা জুলকার বিপরীতে ‘কুরবান’, চান্দনির বিপরীতে ‘সানাম বেওয়াফা’। সবকটি ছবিই বাণিজ্যিকভাবে সফল। সালমান খানের ক্যারিয়ারের প্রথম জীবনের এই নায়িকারা এখন হারিয়ে গেছেন রূপালি ভুবন থেকে। কিন্তু জীবনের অর্ধ শতক পেরিয়েও দোর্দণ্ড প্রতাপে তিনি রাজত্ব করছেন ফিল্মি দুনিয়ায়।
১৯৯১ সালে মুক্তি পায় ‘সাজন’। মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত ও সালমান খান অভিনীত ত্রিভুজ প্রেমের সুপার ডুপার হিট ছবি। সালমানের আসন বলিউডে পাকাপোক্ত করে দেয় ‘সাজন’। ‘লাভ’, ‘চন্দ্রমুখী’, ‘সুরিয়াবংশি’, ‘জাগৃতি’, ‘এক লাড়কা এক লাড়কি’ ছবিগুলোও বক্স-অফিসে উৎরে যায়।
‘কারান-অর্জুন’- এ শাহরুখের সঙ্গে পর্দা এবং সাফল্য ভাগ করে নিয়েছেন। ‘জুড়য়া’তে দ্বৈত চরিত্রে উপহার দিয়েছেন দারুণ কমেডি।
‘খামোশি’, ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’র মতো ছবিতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলেন। ‘আর বিবি নম্বর ওয়ান’ যেমন বিপুল বাণিজ্যিক সাফল্য পেয়েছে তেমনি কমেডি নায়ক হিসেবে তার জনপ্রিয়তা বাড়িয়েছে। এদিকে শাহরুখ-কাজল-রানির ‘কুছ কুছ হোতা হ্যায়’তে অতিথি চরিত্রে অভিনয় করে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার বাগিয়ে নিয়েছেন।
১৯৯৯তে ‘হাম দিল দে চুকে সানাম' ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে ত্রিভুজ প্রেমের কাহিনিতে অভিনয় করে আবার প্রেমিক হিসেবে দর্শকের মন জয় করেন।
সেই সঙ্গে অভিনয় করেন ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘চাল মেরে ভাই’, ‘হার দিল জো প্যায়ার কারে গা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সুপারহিট ছবিতে।
‘তেরে নাম’ ছবিতে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অভিনেতা হিসেবে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
সালমান খানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি সাধারণ দর্শকের মধ্যে ভীষণ জনপ্রিয়। তার অভিনীত ছবিগুলো বলিউডের বাণিজ্যিক মশলায় তৈরি এবং তা জনগণের বোধের বাইরে নয়। তিনি ‘বাজরাঙ্গি ভাইজান’ হয়ে খুব সহজেই জনতার হৃদয়কে স্পর্শ করতে পারেন। তার অভিনয়ের ধরন, সংলাপের স্টাইল, টিভি উপস্থাপনার সময় তার সাধারণ মানের রসবোধ দর্শকের সঙ্গে তার দূরত্ব আরো কমিয়ে দেয়। সালমান খান তার দানশীলতার জন্যও মুম্বাইতে খ্যাত। তিনি সাধারণ মানুষের মতোই আবেগপ্রবণ এবং কখনো কখনো খেয়ালি। সাধারণ ভারতীয়ের মতো ভাইবোন সকলের সঙ্গে নিজের সাফল্য ভাগ করে নেন। তার মা হিন্দু, বিমাতা খ্রিস্টান এবং বাবা মুসলমান হওয়ায় কোনো ধর্মের প্রতিই বিদ্বেষ পোষণ করেন না এবং পালন করেন সব প্রধান উৎসব। সালমান খান ভারতের সাধারণ মানুষের আবেগ, প্রেম ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন ব্যক্তিগত জীবনাচরণ ও তার অভিনীত চরিত্রগুলোর সাধারণত্বে।
আর এভাবেই তিনি অবস্থান করেন জনতার কাতারে এবং হয়ে ওঠেন তাদের প্রাণের ভাইজান।
