২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ডেডপুল': এ কেমন সুপারহিরো!

সুপারহিরো মানেই সুগঠিত দেহ, চমৎকার অবয়ব আর দায়িত্বশীল আচরণ। অন্তত এভাবেই আমরা বড় পর্দায় দেখে আসছি অতিমানবদের, যারা পৃথিবীকে রক্ষা করার গুরু দায়িত্বের ভারে নুজ্ব্য। তবে আয়রনম্যান, অ্যান্টম্যানরা সুপারহিরোর প্রচলিত ধারণায় অনেকটাই পরিবর্তন এনেছেন। তবে সুপারহিরো বলতে আপনি যা বোঝেন, তার খোলনলচেই পাল্টে দেবে ডেডপুল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 04:47 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

মার্ভেল কমিক্সের ভক্তরা ডেডপুলকে চেনেন আগে থেকেই। বড়দিনে প্রকাশিত প্রায় তিন মিনিটের নতুন ট্রেইলারটি দারুণকিছু চমক নিয়ে এসেছে। ট্রেইলারের শুরুটা হয় ডেডপুলের সঙ্গে এক ট্যাক্সি চালকের কথোপকথন দিয়ে। নিত্যদিনের সেই আলাপ এক দুষ্কৃককারীর খুলি ওড়ানোর মধ্যে শেষ হয়। আরেক ব্যক্তিকে বিঁধে ফেলার পর ডেডপুলকে বলতে শোনা যায়, "এ এক ভিন্নধর্মী অতিমানবের গল্প"।

এরপর দেখানো হয় কিভাবে ক্যান্সারে আক্রান্ত এক সাধারণ ব্যক্তি ওয়েড উইলসন ডেডপুল হয়ে উঠলো। প্রজেক্ট এক্সের তত্ত্বাবধানে তাকে সারিয়ে তোলার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটির মূল উদ্দেশ্যই ছিল তাকে এক জীবন্ত মারণাস্ত্রে পরিণত করা। আর এর ফলস্বরূপ ওয়েডের চেহারা ও দেহ বিকৃত হয়ে গেলেও সেরে ওঠার এক অসাধারণ দক্ষতা অর্জন করে।

ট্রেইলারে আরো দেখা মিলেছে দুই মিউট্যান্ট সুপারহিরো কলোসাস এবং নেগাসনিক টিনএইজ ওয়ারহেডের। ট্রেইলারের শেষ পর্যায়ে এই দুজনকে দেখা যায় এক বিধ্বংসী লড়াইয়ে মুখোমুখি হতে। আর ট্রেইলারের পুরোটা জুড়েই ছিল ডেডপুলের তীক্ষ্ণ কৌতুকপূর্ণ সংলাপের সমাহার। 

মারভেলের ব্যানারে সিনেমাটিতে রায়ান রেইনল্ডস অভিনয় করছেন বাকপটু ও প্রায় অবিনশ্বর এই অতিমানবের ভূমিকায়, যিনি 'এক্স মেন অরিজিন্স: উলভারিন' এ মুখ সেলাই করা এক খলনায়ক হিসেবে উলভারিনের সঙ্গে লড়েন, তাকে সেখানে ডেডপুল নামে ডাকাও হয়। এছাড়া সিনেমায় অন্যান্য চরিত্রে আছেন মরেনা বাকারিন, জিনা কারানো, এড স্ক্রেইন, টি জে মিলার প্রমুখ।