ছেড়ে গেলেন সাধনা
'আভি না যাও ছোড় কার, কে দিল আভি ভারা নেহি' - ধ্রুপদী এই হিন্দি গানটির বাংলা করলে দাড়ায়, 'এখনই ছেড়ে যেও না, মনের সাধ যে এখনও মেটেনি'। কিন্তু ছেড়ে গেলেন এই গানের নায়িকা সাধনা শিভদাসানি। ক্যান্সারের সঙ্গে লড়ে মারা গেলেন ভুবন ভোলানো হাসির এই অধিকারিনী।
চলতি বছরের সেপ্টেম্বরেই ৭৪ এ পা দেন এই অভিনেত্রী। তার দেহে টিউমার ধরা পড়েছিল এবং দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। ২৫ ডিসেম্বর নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিঃসন্তান সাধনা। স্বামী প্রযোজক আর কে নাইয়ার মারা যান ১৯৯৫ সালে।
ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের করাচিতে ১৯৪১ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রীর শৈশবটা কেটেছে দেশ ভাগের অস্থিরতায়। সে সময় তার পরিবার চলে আসে বোম্বেতে। কলেজের মঞ্চে অভিনয় করতে করতেই চলচ্চিত্রে ডাক আসে। ভারতের প্রথম সিন্ধি সিনেমা 'আবানা' দিয়েই রূপালি পর্দায় তার অভিষেক ঘটে। যে সিনেমায় পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছিলেন মোটে এক রুপি!
'লাভ ইন শিমলা'র সাফল্যের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। পরিচালক বিমল রয়ের 'পারাখ' সিনেমায় অভিনয়ের পর তার সমাদর আরো বেড়ে যায়। দেব আনন্দের সঙ্গে জুটি বেঁধে এরপর অভিনয় করেন 'হাম দোনো' এবং 'আসলি-নাকলি' সিনেমায়। তার বেদনার্ত টানা টানা চোখ আর মোহিনী হাসি দর্শকের হৃদয়কে যেন মোমের মতো গলিয়ে দিতো।
সত্তরের দশকে এসে ধীরে ধীরে নিজেকে রূপালি জগত থেকে সরিয়ে নিতে শুরু করেন। চরিত্রাভিনেত্রী হয়ে থাকতে চাননি তিনি। হাইপারথাইরয়েডিসমের কারণে তার চোখের স্বাভাবিক আকার নষ্ট হতে থাকে, যার ফলে জনসম্মুখে আসা একেবারেই বন্ধ করে দেন। তিনি চেয়েছিলেন ভক্তদের মনে তার সৌন্দর্য অমলিন থাকুক। তাই নিজেকে আড়াল করে রেখেছিলেন এতকাল। আর আজ চলে গেলেন সব জানা ও চেনার ওপারে।
