এখনও অবিবাহিত ব্রিজিট জোন্স
১১ বছর আগে 'ব্রিজিট জোন্স: দ্য এজ অফ রিজন' দেখে যারা ভেবেছিলেন অবশেষে ব্রিজিট সুখে, শান্তিতে বসবাস করিতে লাগিল; তারা ভুল ভেবেছিলেন। কারণ অবিবাহিত এবং আগের মতোই সম্পর্ক নিয়ে দোটানায় ভোগা এক নারীকে আবার পর্দায় দেখতে চলেছেন তারা।
সিরিজের তৃতীয় সিনেমা ‘ব্রিজিট জোন্সেস বেইবি’তে রেনে জেলওয়েগার ফিরছেন আগের রূপেই, সঙ্গে থাকছেন তার স্বপ্নপুরুষ কলিন ফেরেল। তবে থাকছেন আরো একজনও। তিনি 'গ্রেস অ্যানাটমি'র স্বপ্নীল চোখের পুরুষ প্যাট্রিক ডিম্পসি।
২০১৫ সালে এসে হলিউডে রোমান্টিক কমেডির খরা চলেছে আর সেটা মেটাতেই যেন নতুন বছরে হাজির হচ্ছেন ব্রিজিট জোন্স। সম্প্রতি মার্কিন সাময়িকী এন্টারটেইনমেন্ট উইকলির প্রচ্ছদে দেখা গেল সিরিজের নতুন সিনেমার প্রথম ঝলক।
সন্তানসম্ভবা ব্রিজিটের বর্তমান অবস্থা নিয়েই এগুবে 'ব্রিজিট জোন্সেস বেইবি'র গল্পটি। নিজের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে দ্বিধায় থাকা ব্রিজিটের টানাপড়েন তুলে ধরা হবে এই সিনেমায়। আগের দুই সিনেমায় ব্রিজিটকে বিভ্রান্ত করা কামুক পুরুষ হিউ গ্র্যান্ট এই পর্বে থাকছেন না। তার জায়গায় কলিন ফেরেলের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে আসবেন কোটিপতি জ্যাক কোয়েন্ট।
নিজের পছন্দের চরিত্রে ফিরতে পেরে যারপরনাই আনন্দিত অস্কারজয়ী রেনে জেলওয়েগার। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা একটা নতুন চ্যালেঞ্জ, নতুন জীবনে ব্রিজিট কেমন আছে সেটা খুঁজে বের করা। তবে, একজন অভিনেত্রী হিসেবে এই অভিজ্ঞতাটি অনেকটা পুরোনো কোন বন্ধু কে নিয়ে কয়েক পদক্ষেপ পিছিয়ে যাওয়ার মত। আমি এই চরিত্রটিকে পছন্দ করি, কেননা ব্রিজিট একজন নারী হিসেবে এমন কিছু গল্পের জন্ম দেয় যা জীবনের বিভিন্ন প্রাত্যহিক ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত।"
২০১৬ সালে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
