ব্যস্ততা অবসর দেয় না শাহরুখ-সালমানকে
বলিউডের 'কারান-অর্জুন' শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি অনেকদিন হলো। ইচ্ছা থাকলেও ভক্তদের এই সাধ পূরণ করা এখনই সম্ভব নয় বলে জানালেন শাহরুখ নিজে।
কিং খান বলেন, "আমাদের একসঙ্গে কোনো সিনেমায় কাজ করার সুযোগ এখন নেই। আমাদের ক্যালেন্ডার যদি দেখেন, একটা দিনও খালি নাই । অন্তত আমারটা তো বটেই। আমি নিশ্চিত সালমানও অনেক ব্যস্ত। তিনি এখন‘সুলতান’- এর শুটিং করছেন, এছাড়া তিনি আমাকে আরেকটি সিনেমার কথাও বলেছিলেন যার শুটিং চলবে আগামী বছর।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘কারান-অর্জুন’- এর পর একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেননি এই দুই তারকা। এরপর শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘হাম তুমহারে হ্যায় সানাম’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান। তারও পেরিয়েছে ১৩ বছর।
তবে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই অভিনেতাকে একসঙ্গে পর্দায় আনার সামর্থ্য কোনো প্রযোজনের আছে কি না, সেই প্রশ্ন অবশ্য রয়েই যায়।
এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে দুষ্টুমি করে শাহরুখ বলেন, আমি তো খুব কম পারিশ্রমিক নেই, তবে সালমান কেমন নেন তা জানিনা।
চলতি বছর ৫০০ কোটি রুপির ব্যবসা বলিউডকে দেয়ার পর ২০১৬ সালের শুরুতেই সালমান আসছেন ‘সুলতান’ নিয়ে। এ বছরের ইতি টানবেন শাহরুখই। ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কাজলের বিপরীতে তার নতুন সিনেমা‘দিলওয়ালে’।
