সিনেমায় ফিরছেন বিয়ন্সে
চতুর্থবারের মতো নির্মিত হতে যাচ্ছে হলিউডের স্বর্ণ যুগের সিনেমা ‘আ স্টার ইজ বর্ন’। এবার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। আর সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হবে অভিনেতা ব্র্যাডলি কুপারের।
আর এর মাধ্যমেই বিয়ন্সে সামিল হতে যাচ্ছেন জ্যানেট গেইনর, জুডি গারল্যান্ড এবং বারবারা স্ট্রেইস্যান্ডের মতো অভিনেত্রীদের কাতারে। প্রথম ১৯৩৭ সালে মুক্তি পাওয়ার পর সিনেমাটি পুনর্নির্মিত হয় ১৯৫৪ সালে। ১৯৭৬ সালে আরো একবার সিনেমাটি নির্মাণ করা হয়।
সাফল্যের উচ্চতায় পৌঁছে যাওয়া একজন তারকা ভালবাসা খুঁজে পান স্বল্প পরিচিত এক অভিনেত্রীর কাছে। তাকে সাফল্যের স্বাদ দিলেও নিজের খামখেয়ালিপনা এবং মদ্যপানের মাশুল দিতে হয় তাকে। প্রতিবারই ‘আ স্টার ইজ বর্ন’- এর কাহিনি এগিয়েছে এই কাঠামো অনুসরণ করে।
এক সূত্র বলছে, বর্তমানে সিনেমাটির অন্য চরিত্রের অভিনয়শিল্পী খুঁজছেন কুপার। তবে পরিচালকের খাতায় নিজের নাম লেখানোর আগে আরো একটি সিনেমায় অভিনয় করতে পারেন তিনি।
ব্র্যাডলি কুপারের পরিচালনায় ‘আ স্টার ইজ বর্ন’ মুক্তি পাবে ২০১৭ সালের শেষ দিকে।
