সালমানের কাছে ধরা পড়লেন সিদ্ধার্থ-আলিয়া!
গোপনে প্রেম করতে গিয়ে স্বয়ং 'ভাইজান'-এর হাতে ধরা পড়লেন তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট। এমনকি দুজনকে বকুনিও দিয়েছেন সালমান।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, দীপাবলীর সময় মুম্বাইয়ে সালমানের সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো'র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনেক তারকার মতো সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটও প্রদর্শনীতে এসেছিলেন। প্রদর্শনী শেষে সিদ্ধার্থ-আলিয়া একসঙ্গেই বের হন আর তার কিছুক্ষণ পর বের হন সালমানও। তিনি লক্ষ্য করেন যে, তার সামনের গাড়িতেই বসে আছেন সিদ্ধার্থ-আলিয়া। তাদের ভড়কে দিতে চালককে সামনের গাড়ির পিছু নিতে বলেন।
এদিকে সালমানকে কোনো পাগল ভক্ত ভেবে দ্রুত পাশ কাটানোর চেষ্টা করেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সিনেমার দুই সহশিল্পী।
এক পর্যায়ে এগিয়ে গিয়ে জুহু এলাকার এক জনপ্রিয় রেস্তোরাঁয় গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকেন সালমান। আর সেখানেই হাতে নাতে ধরেন সিদ্ধার্থ-আলিয়া জুটিকে।দুষ্টুমি করে খানিকটা বকুনির সুরে সালমান বলেন, "এখানে কি করছো তোমরা? চলো, আমার বাড়িতে চলো। আজকে তোমাদের ইচ্ছেমতো বকা দেবো।"
সালমানের কাছে ধরা পড়ে লজ্জায় রাঙা হন আলিয়া। কাঁচুমাচু ভঙ্গিতে সিদ্ধার্থ বলেন,"না না, আমরা কিছুই করছি না সালমান স্যার!"
সালমানের নেমতন্ন কি আর ফেরানো যায়? শেষমেশ নিজেদের ডেট বাতিল করে সালমানের সঙ্গে তার বাড়িতে যেতে হয়েছিল সিদ্ধার্থ-আলিয়াকে। বাকি সন্ধ্যাটা কেটেছে গল্প-আড্ডায়।
