দেশজুড়ে চলছে চলচ্চিত্র উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং ৬৪ জেলায় শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’- এই স্লোগানকে সামনে রেখে ১০ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করা হয় এই উৎসবের।
দেশব্যাপী ৬৪টি জেলায় একই সময় অনুষ্ঠিত হবে এই উৎসবটি। ১৫ দিনের এ উৎসবটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি জেলার শিল্পকলা মিলনায়তনে একযোগে প্রদর্শিত হবে চলচ্চিত্র।
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এছাড়াও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে বাংলাদেশে চলচ্চিত্রের নানা দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ সালাউদ্দিন জাকী, মসিহ্উদ্দিন শাকের এবং মোরশেদুল ইসলামের মত গুণী চলচ্চিত্র নির্মাতারা।
উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে ছিল একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আর সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র প্রয়াত নির্মাতা তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’।
১০ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলমান এই উৎসবে দেখানো হবে ষাটের দশক থেকে ২০১৫ সাল পর্যন্ত নির্মিত মোট ২২টি বাংলা চলচ্চিত্র।
