'সালমান না করলে কে করেছে?'
২০০২ সালের গাড়ি চাপা মামলায় সালমান খান অব্যাহতি পাওয়ার পর যখন তার ভক্তরা ফেটে পড়েছেন উল্লাসে, তখন তাদের সঙ্গে গলা মিলিয়েছেন সালমানের কয়েক জন সহকর্মীও। তবে কারো কারো কথায় অসন্তোষও ফুটে উঠেছে।
দীর্ঘ দিনের সহকর্মী সালমানের জন্য খুশি হলেও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান অভিনেতা অনুপম খের। পিটিআইকে তিনি বলেন, "আমি সালমানের জন্য আনন্দিত। ১৩ বছর ধরে মামলাটি চলেছে, তার পরিবার খুব কষ্ট করেছে। তিনি একজন ভালো মানুষ, ন্যায়বিচার পাওয়া তার অধিকার। এই ঘটনায় নিহত ব্যক্তির জন্যে আমি দুঃখিত, যারা আহত হয়েছেন তাদের জন্যেও। পুরো ঘটনাটি খুব মর্মান্তিক ছিল।"
সালমানের ‘রেডি’ সিনেমার পরিচালক আনিস বাজমি বলেন, "মামলাটি শেষ হতে অনেক সময় লেগেছে। তারপরও এই রায় সালমানের পরিবারকে অনেকটাই শান্তি এনে দিয়েছে। আমি জানি না রায়টি কতখানি সঠিক কিংবা ভুল, তবে আদালতের সিদ্ধান্তের ঊর্ধ্বে তো কেউ নয়।"
পরিচালক মধুর ভান্ডারকর বলেন, "১৩ বছর ধরে সালমান এই যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। এই রায় নিঃসন্দেহে চলচ্চিত্র ব্যবসার জন্য, পরিচালকদের জন্য, প্রযোজকদের জন্য এবং তার ভক্তদের জন্য চমৎকার খবর। আমি বোম্বে হাইকোর্টের দেয়া রায়টি নিজে পড়ে দেখিনি, তবে আমি নিশ্চিত যথাযথ যুক্তি দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন আদালত।"
অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনির মতে, "আমরা সবাই তার জন্য খুশি, এটা আমাদের জন্য অনেক ভালো খবর। এবার তার উচিত হবে বিয়ে করে সংসার পাতা। তার জন্য এটাই কামনা করি আমি।"
প্রযোজক মুকেশ ভাট বলেন, "আমি সালমানের জন্য খুশি। আমাদের দেশে ন্যায়বিচারের অর্থ অনেকটাই অস্পষ্ট। ন্যায়বিচার শব্দটি এখন কবিতার লাইন হিসেবেই থেকে গেছে।"
সালমানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সহশিল্পী মাধুরী দীক্ষিতও। তবে বিচারের প্রসঙ্গের ধারে কাছেও যাননি তিনি। মাধুরী বলেন, "কারো জীবনে ভালো কিছু ঘটলে আমি খুশিই হই।"
পরিচালক সুভাষ ঘাই বলেন, "ভালো মানুষের সঙ্গে ভালোই হয়।"
বরাবরের মতো, রায় নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক শোভা দে। তিনি টুইট করেন, "যদি সালমান অপরাধ না করে থাকেন, তাহলে কে করেছে? একজন মানুষ মারা গেছেন, চারজন আহত হয়েছেন। কেউ না কেউ তো অপরাধী তাইনা?"
২০০২ সালের গাড়ি চাপা মামলায় চলতি বছরের মে মাসে সালমানকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সালমান। ১০ ডিসেম্বর সালমানকে বেকসুর খালাস ঘোষণা করে বোম্বে হাইকোর্ট।
