'নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার দরকার নাই’
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে কড়া সমালোচনার শিকার হয়েছিলেন অভিনেতা শাহরুখ খান। প্রশ্ন উঠেছিল তার দেশপ্রেম নিয়ে। কিন্তু শাহরুখ মনে করেন, তিনি কতোটা ধর্মনিরপেক্ষ তা কারো কাছে প্রমাণ করার দরকার নেই।
ভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, "আমি এই বিষয়ে সত্যিই কিছু জানিনা। আমি যখনই কথা বলি, সোজাসাপ্টা, স্পষ্ট এবং ভালো কথাই বলি। এবং আমি মনে করি আমার নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার কোনো দরকার নাই।"
নভেম্বরের শুরুতে নিজের জন্মদিনের দিন সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা বাড়ছে। এরপরই শাহরুখের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। শাহরুখকে 'পাকিস্তানি গুপ্তচর' বলেও অভিহিত করা হয়। অবশ্য পরে শাহরুখ জানান, তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এর কিছু দিনের মধ্যেই ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে এমনকি বলিউডেও তীব্র সমালোচনার শিকার হন আমির খান।
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা মন্তব্য করেন, আমির এবং শাহরুখের মতো তারকারা বিশ্বের সামনে ভারতকে কলঙ্কিত করছেন।
শাহরুখ বলেন, "যদি আমরা সামনে এগিয়ে যেতে চাই, তাহলে কিছু ধারণা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে। যেমন লিঙ্গ বৈষম্য, কে ফর্সা কে কালো, কার ধর্ম কী, কে কোন অঞ্চলের, কার জাত কী ইত্যাদি।"
শাহরুখ আরও বলেন, "কেউ যদি দাবি করেন, তিনি আমার চাইতে বেশি দেশপ্রেমিক, তাহলে তিনি বোকা। দেশপ্রেম কি মাপা যায়? কেউ একদিন হঠাৎ করে চিৎকার করা শুরু করলো সে দেশপ্রেমিক, তাহলেই কি সে দেশপ্রেমিক হয়ে যাবে? আমরা সবাই দেশকে ভালোবাসি।"
