২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন ডিজেলের নায়িকা দিপিকা!

হলিউড তারকা ভিন ডিজেলের বিপরীতে দেখা যাবে ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন। 'ট্রিপল এক্স' সিরিজের পরবর্তী সিনেমায় তার অভিনয়ের নিশ্চিত করেছেন খোদ ডিজেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 01:50 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছিলেন দিপিকা। ভক্তদের বেশিদিন অন্ধকারে থাকতে হলো না। সোমবার দিপিকার সঙ্গে একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল নিজে। জানা গেল ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন সিনেমায় ডিজেলের সঙ্গে অভিনয় করবেন দিপিকা।

ওদিকে হলিউডের টিকেট হাতে পেতে না পেতেই নিজের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন ‘বাজিরাও মাস্তানি’অভিনেত্রী। ডেক্কান ক্রনিকল বলছে, কয়েক মাস আগেও যেখানে একটি বিজ্ঞাপনের জন্য সাড়ে পাঁচ কোটি রুপি নিতেন তিনি, এখন তার দ্বিগুণ অর্থ না দিলে পাওয়া যাবে না দিপিকাকে।

অবশ্য ভিন ডিজেলের সঙ্গে আরও আগেই কাজ করার কথা ছিল দিপিকার। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এ অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল তাকে। কিন্তু শাহরুখ খানের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর কাজে ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি তিনি।

সূত্র বলছে, ‘তামাশা’র সাফল্য উদযাপনের পর দিনই দিপিকা পাড়ি দিয়েছেন মার্কিন মুল্লুকে, ভিন ডিজেলের সঙ্গে সাক্ষাতের জন্য। ডিজেলের সঙ্গে বৈঠক করে চুক্তিতে সই করে এসেছেন দিপিকা। ২০ ডিসেম্বর আবার রওনা দেবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে।