২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব কিছু ফেইসবুকে নয়: অপু বিশ্বাস

অভিনয়শিল্পীদের জন্য প্রচারের নতুন ও উপযোগী এক মাধ্যম হিসেবে আবির্ভুত হয়েছে ফেইসবুক। কিন্তু সেই প্ল্যাটফর্ম ব্যবহারে তারকাদের আরও বেশি সতর্ক হওয়া উচিৎ বলে মনে করেন ঢাকাই চলচ্চিত্রের প্রথম সারির চিত্রনায়িকা অপু বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 04:35 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

সম্প্রতি বিএফডিসিতে গ্লিটজকে দেয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, “তারকাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা হচ্ছি তারা, তারকা। আকাশের তারা দেখা যায়, উপলদ্ধি করা যায়, কিন্তু তা ছোঁয়া যায় না। আজকাল দেখা যাচ্ছে, অনেকেই বাসায় খাচ্ছে-দাচ্ছে, তার সব কিছুই ফেইসবুকে আপলোড করছে, স্ট্যাটাস দিচ্ছে। সব কিছুই কি ফেইসবুকে প্রকাশ করতে হবে। তাহলে সাধারণের সঙ্গে তারকাদের তফাৎ রইল কোথায়?”

তারকাদের উদ্দেশ্যে অপু বলছেন, “তারকাদের আসলে আকাশের তারাই থাকা উচিত। জমিনে নেমে আসলে সাধারণের কাছাকাছি হয়ে যাবো। আর তা করা কিন্তু উচিত না।”

অপুর নিজেরও ফেইসবুক অ্যাকাউন্ট আছে, রয়েছে ভেরিফায়েড ফেইসবুক ফ্যান পেইজও। নিজের ফ্যান পেইজটি কিন্তু অপু নিয়মিত আপডেট করতে পারেন না। তবে ভক্তরা যেন অপুর সিনেমা বিষয়ক খবরগুলো নিয়মিত পায়, তাই অপু নিয়োগ করেছেন বেশ কজন অ্যাডমিন। সব অ্যাডমিনরাই নাকি অপুর অনুমতিক্রমে তার ফ্যান পেইজে স্ট্যাটাস আপডেট করছে, নিউজ শেয়ার করছে, ছবি আপলোড করছে।

Image
ছবি- নয়ন কুমার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

ছবি- নয়ন কুমার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

“শুটিংয়ের ব্যস্ততায় আমার ঠিক সময় ওঠে না। তখন অ্যাডমিনদের বলি যে তারাই যেন পোস্ট দেয় আমার ফেইসবুকে। তবে কোনো কিছুই আমার অনুমতি ছাড়া করা হয় না।”

এদিকে অপুর বেশিরভাগ সিনেমার নায়ক শাকিব খান যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বিরোধিতা করলেও অপুর কণ্ঠে স্তুতিই শোনা গেল। 

“সিনেমাকে আমি সিনেমা হিসেবেই দেখি। তা হোক বাংলাদেশি বা যৌথ প্রযোজনা। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি অবশ্যই পুরোদস্তুর বাংলাদেশি সিনেমায় কাজ করতে চাই। যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অফার পেলে আমি অবশ্যই তাকে স্বাগত জানাবো।”

অপুর মতে ভারতীয়দের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে।

“মূল ব্যাপার হলো, সিনেমা করতে গিয়ে আমরা কতোটুকু জানতে পারছি। হয়ত দেখা গেল, আমরা এমন অনেক কিছু জানি না, যা ভারতীয়রা জানে। আমরা কাজ করতে গিয়ে তাদের কাছ থেকে শিখতে পারবো। শেখার দিক থেকে একটা জিনিসই বলবো, যৌথ প্রযোজনার সিনেমা অবশ্যই ভালো।”