২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা দিয়ে অশুভকে জয় করার আহ্বান বুদ্ধদেবের

যে অশুভ শক্তি আমাদের প্রতিনিয়ত আঘাত করছে সিনেমা দিয়ে কিছুটা হলেও সেটা জয় করা সম্ভব - এমনটাই বললেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫ উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইব্রাহীম খলিল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 01:32 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ উৎসবের আয়োজন করছে। ঢাকার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও রাজশাহী ফিল্ম সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে ভারতীয় হাইকমিশন।

দুই বাংলার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের কালজয়ী সিনেমা নিয়ে সাজানো হয়েছে সপ্তাহব্যাপী এই উৎসব।

অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে বুদ্ধদেব বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে আমাকে চলচ্চিত্রের কারণে যেতে হয়েছে। তার মধ্যে আজকের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

এ উৎসবকে ‘মানুষের চলচ্চিত্র উৎসব’ আখ্যা দিয়ে বাংলাদেশের নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বলেন, “এটি তো বাংলার চলচ্চিত্র উৎসব। তাহলে আমরা দুই বাংলা বলছি কেন? আমরা এটিকে বাংলার চলচ্চিত্র উৎসব বলতে পারি। বৃহত্তর অর্থে এটি স্থানকে অতিক্রম করে মানুষের চলচ্চিত্র উৎসব, যেখানে জীবনের গভীর বোধ, জীবনের সোনা রং আমাদের সামনে উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতারা।”

রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘দুই বাংলার অখণ্ডতা কেউ মোচন করতে পারবে না। সীমান্ত রেখাটাও মানুষের কাছে এত ম্লান এটা কেউ দূর করতে পারবে না।”

“এখন বিশ্বব্যাপী একটা অরাজকতা চলছে। অন্ধ সংস্কৃতির একটা বিক্ষিপ্ত সন্ত্রাস চলছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আমি বলবো, দুই বাংলার সাংস্কৃতিক যোগাযোগ অসাম্প্রদায়িকতাকে তীব্রতর করতে পারলে কিছু না হোক দক্ষিণ এশিয়া অন্তত একটা অসাম্প্রদায়িক ছায়ার নিচে আশ্রয় পাবে। দুই বাংলার চলচ্চিত্র উৎসব এটাকে তরান্বিত করতে পারে। রাজনৈতিক সংগ্রামটাও অনেকটা সুবিধা হবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে চলচ্চিত্র উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকাতার চিত্রনাট্যকার ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি প্রেমেন্দ্র মজুমদার, বাংলাদেশের খ্যাতিমান চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্রসহ আরও অনেকে।

আলোচনা অনুষ্ঠান শেষে বুদ্ধদেব দাশগুপ্ত ও আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেকের হাতে সম্মাননা পদক ও ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সপ্তাহব্যাপী এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ১৯, ২০ ও ২৩ নভেম্বর চলচ্চিত্র বিষয়ে লিখিত ১০টি প্রবন্ধ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ উৎসবে দুই বাংলার খ্যাতিমান চলচ্চিত্রকারদের নির্মিত ২০টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সাতদিনব্যাপী এ উৎসবে বুদ্ধদেব দাশগুপ্তের ‘উত্তরা’ (পূর্ণদৈর্ঘ্য), মানজারেহাসীন মুরাদের ‘রোকেয়া’ (প্রামাণ্য), সত্যজিৎ রায়ের ‘দ্য ইনার আই ’(প্রামাণ্য), তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলি’ (পূর্ণদৈর্ঘ্য), সত্যজিৎ রায়ের‘ আগন্তুক’ (পূর্ণদৈর্ঘ্য), আলমগীর কবিরের ‘ধীরে বহে মেঘনা’ (পূর্ণদৈর্ঘ্য), নাসির উদ্দীন ইউসুফের ‘একাত্তরের যীশু’ (পূর্ণদৈর্ঘ্য), ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’ (পূর্ণদৈর্ঘ্য), মানজারেহাসীন মুরাদ, তানভীর মোকাম্মেল ও তারেক মাসুদের ‘কৃষ্ণনগরে একদিন’ (প্রামাণ্য), জহির রায়হানের ‘কখনো আসেনি’ (পূর্ণদৈর্ঘ্য), তারেক মাসুদের ‘রানওয়ে’ (পূর্ণদৈর্ঘ্য), ঋত্বিক ঘটকের ‘দুর্বার গতি পদ্মা’ (স্বল্পদৈর্ঘ্য), গৌতম ঘোষের ‘অন্তর্জলী যাত্রা’ (পূর্ণদৈর্ঘ্য), মৃণাল সেনের 'কলকাতা ৭১’ (পূর্ণদৈর্ঘ্য), ইয়াসমিন কবিরের ‘স্বাধীনতা’ (প্রামাণ্য), মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলীর ‘সূর্যদীঘল বাড়ি’ (পূর্ণদৈর্ঘ্য), ‘সত্যজিৎ রায়ের ‘রবীন্দ্রনাথ’ (প্রামাণ্য), তারেক মাসুদের ‘আদমসুরত’ (প্রামাণ্য), বুদ্ধদেব দাশগুপ্তের ‘মনজিৎ বাওয়া’ (প্রামাণ্য), প্রসূন রহমানের ‘ফেরা’ (প্রামাণ্য), মোরশেদুল ইসলামের ‘চাকা’ (স্বল্পদৈর্ঘ্য) এবং গৌতম ঘোষের ‘মিটিং এ মাইলস্টোন’ প্রদর্শিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও অর্থনীতি বিভাগের গ্যালারিতে চলচ্চিত্র প্রদর্শনী এবং ডিনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ সব অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।