সাবিনা-হাদীর 'কিংবদন্তী' সন্ধ্যা
ঢাকায় এখন গানের বড় আসর মানেই ভারতীয় বা ভিনদেশী শিল্পীদের পরিবেশনা। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার এক হোটেলে বসতে চলেছে অন্য রকম এক আসর। লিজেন্ডস নাইট শিরোনামের এই আয়োজনে গাইবেন বাংলা গানের প্রথিতযশা শিল্পী সাবিনা ইয়াসমীন এবং সৈয়দ আব্দুল হাদী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় লু মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে এ আসর বসবে বলে জানিয়েছে আয়োজক বেস্টকম বিডি।
অনুষ্ঠানটি নিয়ে সৈয়দ আব্দুল হাদী গ্লিটজকে বলেন, “সাবিনার সঙ্গে প্রথম গেয়েছিলাম ১৯৬৮ সালে, ‘অরুণ বরুণ কিরণমালা’ ছবিতে। তারপর একশরও বেশি ছবিতে আমরা একসঙ্গে গেয়েছি মনে হয়। সাবিনার সঙ্গে প্লেব্যাকের কত স্মৃতি !সাবিনার মতো একজন শিল্পীর সঙ্গে গাইতে পারাও যে ভাগ্য।”
আব্দুল হাদী জানালেন, এই অনুষ্ঠানে বাংলা সিনেমাতে নিজেদের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এই জুটি। শুধু সিনেমার গানই নয়, হাদী শোনাবেন তার গাওয়া বেশ কয়েকটি আধুনিক গানও।
সাবিনা ইয়াসমীন উচ্ছ্বাস প্রকাশ করলেন এ আসর নিয়ে। বললেন, “হাদী ভাই আমার ভীষণ পছন্দের এক শিল্পী, পছন্দের মানুষ। তার সঙ্গে গাইতে পারা নিশ্চয়ই আনন্দের।”
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন যুগলবন্দির অনেক জনপ্রিয় গানের কথা লিখেছেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান বেস্টকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউল কবির সুমন গ্লিটজকে জানান, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নতুন আর পুরাতন প্রজন্মের সংগীত পিপাসুদের কাছে বাংলা গানের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়েই তাদের এই প্রয়াস।
“ভিনদেশী সংস্কৃতি অনুসরণ ও অনুকরণের আগ্রাসনে মৌলিকত্ব হারাচ্ছে কালজয়ী গানগুলো। প্রাণের ছোঁয়া আর খুঁজে পাওয়া যায় না সেসব গানে। ফলে দর্শক-শ্রোতারা গান শোনার পরিপূর্ণ তৃপ্তি থেকে বঞ্চিত হন। সঠিক সুর,তাল-লয়ে গান শোনার আকাঙ্খা থেকেই যায় সংগীতবোদ্ধাদের।”
“নতুন প্রজন্মের শ্রোতারাও জানেন না স্বর্ণালী যুগের বাংলা গানের মূল শিল্পী ও গীতিকারের নাম-পরিচয়। সংগীত পিপাসুদের কাছে বাংলা গানের পুরনো গৌরব ফিরিয়ে আনা ও একই সাথে নতুন প্রজন্মের কাছে অতীতকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যেই কাজ করছে বেস্টকম।"
বেস্টকমের ইভেন্ট অ্যান্ড এক্সিকিউশন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নজরুল ইসলাম পাটোয়ারী বললেন, “আমরা জানি, এখন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দেশ থেকে শিল্পী এনে আসর মাত করতে চায়। আমরাও শুনেছি, দেশি শিল্পীদের নিয়ে আসর করলে নাকি টিকিট বিক্রি হয় না। দর্শক আসে না। কিন্তু আমাদের এই আয়োজনের টিকিট বিক্রির ঘটনা সে ধারণাকে ভুল প্রমাণ করেছে। আমরা দেশের কিংবদন্তীদের নিয়েই নিয়মিত আয়োজন করতে চাই।”
নজরুল জানান, যে সব সংগীতপিপাসু এই দুই শিল্পীর গান সরাসরি শোনা ও দেখা থেকে বঞ্চিত হবেন তাদের জন্য অনুষ্ঠানটি পুরোটা ধারণ করে সংরক্ষণ করা হবে।
