হলিউডে আগ্রহ নেই সালমানের
বলিউডে পাকাপোক্ত আসন থাকলেও, পশ্চিমাদের মন জয় করতে চান অনেক ভারতীয় তারকা। তবে এই দৌড়ে নাম লেখাতে রাজি নন সালমান খান।
হলিউডে ঠাঁই পেতে চান কি না, এই প্রশ্নের জবাবে সালমান বলেন, "আমি ভারতে কাজ করতে এবং হিন্দিতে সংলাপ বলতে খুব পছন্দ করি। এতো বছর ধরে হিন্দিতে সংলাপ বলার পর এখন ইংরেজিতে বললে অদ্ভুত লাগবে। আমি বলিউডে অনেক খুশি।"
এনডিটিভি বলছে, নির্মাতাদের দাবী যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়ে প্রথম দিনেই ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘বাই দ্যা সি’র চেয়ে বেশি আয় করেছে সালমানের 'প্রেম রাতান ধান পায়ো'। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পেলেও নিজ দেশের সিনেমায় কাজ করেই খুশি সালমান।
সালমান আরো বলেন যে হলিউডের অভিনেতারা অনেক পরিশ্রম করেন, বলিউডে ততটা পরিশ্রম করতে হয় না। আর যেহেতু এখানে তিনি যথেষ্ট সম্মান পাচ্ছেন, তিনি হলিউডে যাওয়ার কথা ভাবছেন না।
"হলিউডের শিল্পীরা অনেক কষ্ট করেন, কিন্তু আমাদের এখানে তেমন পরিশ্রম করতে হয় না। আমরা জনপ্রিয়তা পাওয়ার জন্য কাজ করি, এখানে আমার নিজের আসন তৈরি করতে অনেক সময় লেগেছে, তাহলে কেন তার পুনরাবৃত্তি করবো আমি? এর পেছনে কোনো যুক্তি দেখিনা।"
অবশ্য সালমান জানান, ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো গল্প নিয়ে যদি কোনো হলিউডি সিনেমা তৈরি হয়, তাহলে তাতে কাজ করতে পারেন তিনি।
দিওয়ালির মৌসুমে মুক্তি পাওয়া সালমান খান এবং সোনাম কাপুর অভিনীত ‘প্রেম রাতান ধান পায়ো’ মুক্তির প্রথম সপ্তাহান্তে ভারতেই ১৩০ কোটি রুপি আয় করেছে।
