২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্লেড রানার’-এর সিকুয়ালে রায়ান গসলিং

গত বছরই জানা গিয়েছিল, রিডলি স্কট পরিচালিত বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিনেমা ‘ব্লেড রানার’ এর সিকুয়ালের কাজ শুরু হতে যাচ্ছে। এবার কানাডীয় অভিনেতা রায়ান গসলিং জানালেন, তিনিও থাকছেন ‘ব্লেড রানার টু’ তে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 03:56 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

নিজের নতুন সিনেমা ‘দ্য বিগ শর্ট’ এর প্রচার চালানোর সময় চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট কোলাইডাকে দেয়া এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেন 'দ্য নোটবুক' খ্যাত এই অভিনেতা।

ছরের শুরুতেই ‘ব্লেড রানার’- এর সিকুয়ালে প্রত্যাবর্তনের ঘোষণা এসেছিল হ্যারিসন ফোর্ডের কাছ থেকে। ১৯৮২ সালে মুক্তি পাওয়া মূল সিনেমায় পুলিশ কর্মকর্তা রিক ডেকার্ডের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

৩৫ বছর বয়সী গসলিং অবশ্য সাক্ষাৎকারে কিছুটা চেপেই গেলেন সিনেমায় নিজের চরিত্রের ব্যাপারটি।

“বিষয়টি দারুণ। তবে আমার ভেতরে একটি মাইক্রোচিপ আছে, আমি আর কিছু বললেই সেটা বিস্ফোরিত হতে পারে।”

পরিচালকের আসনে না থাকলেও এবারের সিনেমার গল্পের ধারণাটি এসেছে রিডলি স্কটের মাথা থেকে, সেই সঙ্গে আছেন প্রযোজনার দায়িত্বে। ১৯৮২ সালে নির্মিত ‘ব্লেড রানার’- এর পটভূমি ছিল ২০১৯ সালের লস এঞ্জেলস, যেখানে উচ্চাকাঙ্ক্ষী কিছু রোবটকে থামানোর অভিযানে নামেন রিক ডেকার্ড।

‘ব্লেড রানার’- এর সিকুয়ালের গল্প শুরু হবে ২০১৯ সালের আরো কয়েক যুগ পরে।

সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন ফরাসি-কানাডীয় নির্মাতা ডেনিস ভিলানুয়েভ সিকারিও। সিনেমাটির শুটিং শুরু হবে ২০১৬ সালের গ্রীষ্মে, তবে এখনো ঠিক করা হয়নি মুক্তির তারিখ।