চলচ্চিত্রে এলেন কারিশমা তনয়া
মাত্র দশ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখেছেন অভিনেত্রী কারিশমা কাপুরের মেয়ে সামায়রা। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করলেন কাপুর পরিবারের এই ক্ষুদে সদস্য।
সামায়রা পরিচালিত ‘বি হ্যাপি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ১৫ নভেম্বর প্রদর্শিত হয়েছে ভারতের ১৯তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া চিত্র গ্রহণ, চিত্রনাট্য রচনা এবং সম্পাদনাতেও ভূমিকা রেখেছেন কারিশমা কন্যা। দুবছর আগে নির্মিত সিনেমাটির সঙ্গে যুক্ত ছিলেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং শেখর কাপুরের মেয়ে কাভেরি কাপুর।
উৎসবের ক্ষুদে পরিচালক শাখায় দেখানো হয় এই চলচ্চিত্রটি। এ সময় সামায়রার সঙ্গে মা কারিশমা ছাড়াও উপস্থিত ছিলেন খালা কারিনা কাপুর খান।
কারিশমা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “শিশুদের জন্য এটি অসাধারণ একটি সুযোগ এবং সামায়রা এর অংশ হতে পারায় আমি খুবই খুশি”।
সিনেমায় দেখা যায় একটি ছোট মেয়ে কেনাকাটা করতে গিয়ে অন্যদের দামী জিনিস কিনতে দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে। পরে সে অন্য একটি শিশু তার জামা ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় সে উপলব্ধি করে যে অন্য কেউ তাকে দেখে তার মতোই ঈর্ষাকাতর হতে পারে।
