‘চলচ্চিত্র বিনিময় হলে ক্ষতিই হবে’
ভারত-বাংলাদেশের চলচ্চিত্র বিনিময় নিয়ে দু দেশের সরকারি পর্যায়ে তোড়জোড় চললেও, বিষয়টিকে ভালো চোখে দেখছেন না ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার। আর তার কথায় সায় দিলেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত।
বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘সাম্প্রতিক বাংলা চলচ্চিত্রের গতি-প্রকৃতি’ শিরোনামে আয়োজিত এক আলোচনাসভায় গ্লিটজের এক প্রশ্নের জবাবে প্রেমেন্দ্র বললেন, “দুই বাংলার চলচ্চিত্রের আদান-প্রদান নিয়ে তোড়জোড়ের কথা আমরা জানি। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভারতের দর্শকের কাছে তো এখন তামিল-তেলেগু-মালায়লাম-হিন্দি –বাংলাসহ নানা ভাষার দুর্দান্ত ছবি দেখার সুযোগ আছে। তারা কেন বাংলাদেশের ছবি দেখবে? উৎসবে বাংলা ছবির সাড়া পাওয়ার ঘটনা আর প্রেক্ষাগৃহে সিনেমা দেখানো তো একই ইস্যু নয়।এখানে বাণিজ্য জড়িত। আসল কথা, এখন যদি বাংলাদেশের বাণিজ্যিক ছবি ভারতে প্রচার করতে যায় কেউ, তবে তারা ক্ষতিগ্রস্তই হবে।”
প্রেমেন্দ্র আরো বলেন, “দুদেশের চলচ্চিত্রের দর্শকদের রুচি একেবারেই আলাদা। এখন যা করতে হবে, তা হলো দুদেশের মধ্যে সেরিব্রাল চলচ্চিত্রের আদানপ্রদান বাড়াতে হবে। তাতে ভারতের দর্শকরা বাংলাদেশি চলচ্চিত্রকার, অভিনেতা-অভিনেত্রীদের চিনবে, জানবে। তবেই না তারা বাংলাদেশের ছবি দেখতে আগ্রহী হবে।”
বুদ্ধদেব দাশগুপ্ত প্রথমেই বললেন, “ঢাকার সঙ্গে আমার নাড়ির আদ্যোপান্ত যোগাযোগ।”
এরপর বললেন, “আমি সিনেমা বানাবো আর বাণিজ্য নিয়ে ভাববো না, তাই কি হয়? দিনের শেষে আমাকে ভাবতে হয়, আমার সিনেমাটি নিয়ে। আমি কোথায় বিক্রি করবো, সিনেমাটি আদৌ হলে চলবে কি না, হলের পরিবেশ কেমন-এসব নিয়েও আমাকে ভাবতে হয়, তা আমি যেমন সিনেমাই নির্মাণ করি না কেন। তবে আমি বিশ্বাস করি, ভালো সিনেমা হলে দর্শক অবশ্যই হলে যাবে। সিনেমাটিও ব্যবসা করবে।”
চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বললেন, “মনে রাখতে হবে, বাজার না বুঝে কাজ করলে তো হবে না। আপনাদের জানতে হবে, আপনারা কেন সিনেমা করবেন, কাদের জন্য সিনেমা করবেন, কোন বাজারের জন্য সিনেমা করবেন।”
চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে আরো বললেন, “আমাকে কেউ প্রশ্ন করেছিলো, আমি সিনেমা বানাই কিভাবে? আমি বলেছিলাম, আমি বাস্তবতার সঙ্গে একটু স্বপ্ন, আর একটু ম্যাজিক মিশিয়ে একটি স্বপ্ন বানাই, আর তাই হলো সিনেমা।”
ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি অধ্যাপক আব্দুস সেলিমের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আবু সাইয়ীদ, শাহনেওয়াজ কাকলী, নির্মাতা রবিন নোমান, গোলাম রব্বানী বিপ্লব, শবনম ফেরদৌসী, তাসমিয়া আরেফিন মৌসহ চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫ উদ্বোধন করার কথা রয়েছে বুদ্ধদেব দাশগুপ্তের।
