ঢাকায় গান গাইতে আসছেন অনুপম
চলতি নভেম্বরে আবারও বাংলাদেশে আসছেন ভারতীয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। তার সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের ন্যানসি ও পারভেজ।
‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’ শিরোনামে এই কনসার্টের আয়োজক অন্তর শোবিজ।
বলিউডের মহাতারকা শাহরুখ খানকে ঢাকায় নিয়ে এসেছিল এই প্রতিষ্ঠানটি। এবার নিয়মিতভাবেই তারা বিনোদনমূলক আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে চাইছে। বুধবার বনানীর সাকিবস ডাইনা রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান, প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী।
মূলত অনলাইন টিকিট বিক্রিটর প্ল্যাটফর্ম সহজ ডটকমের সঙ্গে অন্তর শোবিজের চুক্তি সইয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বুধবার। সেখানেই স্বপন চৌধুরী বলেন, “দুই বাংলার গান- এমন ভাবনা আমার অনেকদিনের। আমাদের দেশের শ্রোতাদের দারুণ পরিবেশে গান শোনার সুযোগ খুব কম। এর আগে অনুষ্ঠানগুলোতে ব্যাপক জনসমাগম দেখে আমরা মুগ্ধ, শ্রোতাদের কাছে আমরা দায়বদ্ধ। একই সঙ্গে আমরা বাংলা গানের দারুণ সব শ্রোতাও তৈরি করতে চাই।”
আরো বললেন, এবার আধুনিক গানের আসরের আয়োজন করলেও আগামীতে রবীন্দ্রসংগীত,ব্যান্ড ও রক গানের উৎসব আয়োজন করতে চান।
সহজ ডটকমের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বললেন, “সহজ ডটকম সব সময় নতুন প্ল্যাটফর্ম তৈরিতে আগ্রহী। এই প্রথমবারের মতো আমরা বিনোদনমূলক কোনো আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হলাম। এটা আমাদের অনেক বড় এক পদক্ষেপ। অন্তর শোবিজের সব বিনোদনমূলক আয়োজনের টিকিট এখন থেকে সহজ ডটকমেই পাবেন দর্শক-শ্রোতারা।”
ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা শিরোনামের কনসার্টটি আগামী ২৩ নভেম্বর ঢাকার বসুন্ধরা কনভেনশনে অনুষ্ঠিত হবে। তার আগে ২২ নভেম্বর অনুপম রায়ের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন স্বপন চৌধুরী।
ছবি—আকিব জাভেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
