২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা নামলো জ্যাজ ও ব্লুজ উৎসবের

ভারতের ব্লুজ গানের দল সোলমেট, ব্রাজিলের এসড্রাস নোগুয়েইরা কোয়ার্টেট,  ফ্রান্সের চায়না মোজেস, আর বাংলাদেশের ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর এবি ব্লুজের পরিবেশনায় পর্দা নামলো তিন দিন ব্যাপী জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 03:10 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

ব্লুজ কমিউনিকেশন আয়োজিত এ উৎসবে তৃতীয় ও চূড়ান্ত দিনে ছিলো কেবল ব্লুজ পরিবেশনা। ভারতের শিলংয়ের ব্লুজ গানের দল সোলমেটের পরিবেশনায় শুরু হলো উৎসবের শেষ দিনের আনুষ্ঠানিকতা। দলটির ভোকাল ও লিড গিটারিস্ট তৃপ্তি টিপস খারভাঙ্গার বললেন, “বাংলাদেশে পারফর্ম করিনি আগে কখনো। তাই এবারের সফর খুব রোমাঞ্চকর। জ্যাজ ও ব্লুজ গান শুনতে এত শ্রোতা এসেছেন, আমরা সত্যি ভাবতে পারিনি।”

দলটির প্রথম অ্যালবাম ‘শিলং’। এই অ্যালবামের মাধ্যমে ভারতের প্রথম ব্লুজ গানের দল হিসেবে আত্মপ্রকাশ করেন তারা। সেই অ্যালবামের 'আই অ্যাম’ গানটি দিয়ে শুরু করলেন তারা।

এরপর তৃপ্তির সঙ্গে সুর মেলালেন দলটির ভোকাল, গিটারিস্ট রুডি ওয়ালাং । দুজনে মিলে শোনালেন বারোটি ব্লুজ গান। ‘সেট মি ফ্রি’, ‘আই উইলবি অ্যারাউন্ড’,‘লাই’, ‘ব্লুজ ইজ মাই বিজনেস’, ‘ভুডু  উইমেন’ ‘ইফ ট্রাবল ওয়াজ মানি’ গানগুলো একে একে। তাদের শেষ গান ছিল ‘ইফ ইউ সি মাই বেবি’।

পরিবেশনা শেষে যেতে যেতে রুডি বলছিলেন, “শ্রোতাদের এমন সাড়ায় আমরা সত্যি অভিভূত। এই সফরে আমরা বাংলাদেশের ব্লুজ গানের চর্চা নিয়ে যেমন জানলাম, জেনেছি বাংলা গানের অনেক ধারা নিয়েও। অনেকদিন মনে থাকবে বাংলাদেশের স্মৃতি।”

বাংলাদেশ সামরিক জাদুঘরের মাঠ তখন নানা বয়সী দর্শকে মুখরিত। ব্লুজ গান নিয়ে যাদের কোনো ধারণাই নেই, তাদের দেখা গেলো ইন্টারনেটে ঢুঁ মারতে। কেউ ব্যাস্ত ইউটিউবে। আসরের ফাঁকে কথা হলো এমনই কজন দর্শকের সঙ্গে।

ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী সুমাইয়া জামান গ্লিটজকে বললেন, “অনেক ধরণের গানই তো শুনি। কিন্তু জ্যাজ ও ব্লুজ গান আসলে কি তা সত্যি জানতাম না। হঠাৎ ফেইসবুকে ইভেন্ট দেখে ভাবলাম,এই ঘরানার গান কখনো শোনা হয়নি। তখন ইউটিউব ঘেটে এই গানগুলো শুনলাম। জানলাম, আমাদের আইয়ুব বাচ্চুও নাকি ব্লুজ গায়।  সরাসরি গান শোনার লোভ তাই সামলাতে পারলাম না। সরাসরি চলে এলাম এই আয়োজনে।”

জেরিন নামের আরেক দর্শক জানালেন, পৃথিবীর সব ধরনের গান সংগ্রহ করছেন তিনি। জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবে এসে তিনি এই দুই ধরানার গান নিয়ে জানতে এসেছেন।

“ ইন্টারনেট ঘেটে দলগুলো সম্পর্কে বেশকিছু তথ্য জোগাড় করেছি। তাই মিলিয়ে নিতে এ উৎসবে এলাম।”

এরপর মঞ্চে এলো সাম্বা নাচের দেশ ব্রাজিলের ব্লুজ ব্যান্ড এসড্রাস নোগুয়েরা কোয়ার্টেট। শুরুতেই দলটির মুখপাত্র গুস্তাভো অ্যামেরা জানিয়ে দিলেন, http://www.esdrasnogueira.com/ সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে তাদের গানগুলো। ব্রাজিলিয়ান এই জ্যাজ শুনতে কোনো অর্থ ব্যায় করতে হবে না।

স্যাক্সোফোনের সুরের মূর্ছনায় গুস্তাভো শুরু করলেন তাদের পরিবেশনা।  স্যাক্সোফোন আর ড্রামস-গিটারের ধুনে তারা পরিবেশন করলেন ‘বালাইয়ো’ গানটি। তাদের গানের ধাঁচ এ দেশের দর্শকের জন্য নতুন হলেও, সুরের আবেদন সর্বজনীন।  

নোগুয়েরা কোয়ার্টেটের পরিবেশনায় আরও ছিল ‘ভিভা রিও দে জেনেইরো’, ‘কাপিভারা’, ‘স্রোয়েনও প্রা এলি’সহ বেশ কটি গান।

ব্রাজিলের এই দলটি যখন নামছে মঞ্চ থেকে, তখন ঘড়ির কাঁটায় রাত দশটা।  কিন্তু দর্শকের অপেক্ষা, কখন আসবে এবি ব্লুজ। নিজেদের শিল্পীকে মঞ্চে পেতে তাই দর্শক সারি থেকে শোর উঠলো, ‘এবি, এবি’।  আয়োজকরা আর অপেক্ষা করালেন না।  মঞ্চে এলেন আইয়ুব বাচ্চুর ব্লুজ গানের দল এবি ব্লুজ।

হতাশা আর ক্ষোভের গান ‘এই পৃথিবী…’ দিয়ে শুরু করলেন আইয়ুব বাচ্চু। বিবি কিংয়ের গাওয়া বেশ কটি গানও ছিল এবি ব্লুজের পরিবেশনায়।

‘ব্যাচেলর’ সিনেমার ‘আমি তো প্রেমে পড়িনি’ গানটি দিয়েই শেষ করলেন বাচ্চু। ব্লুজ ঘরানার সঙ্গে সামঞ্জস্য রেখে গানটিকে অন্যভাবে উপস্থাপন করেছেন তিনি। মঞ্চে যখন এবি ব্লুজ গাইছে ‘আমি তো স্বপ্ন দেখিনি’, তখন দর্শকরা গাইলেন তার সঙ্গে।

রাত তখন বারোটা। জ্যাজ অ্যান্ড ব্লুজ আসরের শেষ শিল্পী চায়না মোজেস।  ব্লুজ গানে মাতাবেন বলে ফ্রান্স থেকে উড়ে এসেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোজ-দ্য-নবরেগা।

উৎসবের প্রথম দিন পারফর্ম করেছে বাংলাদেশের শিল্পী ইমরান আহমেদ কুইনটেট, ভারতের জ্যাজ শিল্পী বসুন্ধরা বিদ্যালুর, যুক্তরাষ্ট্রের সাই মাইস্ট্রো ট্রিওর, জন ম্যাকলাফলিন।

উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় ফরাসি শিল্পী ফ্লোরিয়া আতিয়ের, বাংলাদেশের রাজেফ খানের চেলো বাদন দিয়ে।

তারপর ঢাকার ব্লুজ ব্রাদার্স পরিবেশন করে  বি বি কিংয়ের ‘দ্য থ্রিল ইজ গন’, জ্যানিস জপলিনের ‘সামার টাইম’, আর্থা ফ্রাঙ্কলিনের ‘চেইন অব ফুলস’, এলিজাবেথ কটেনের ‘ফ্রেইজ ট্রেইন’ গানগুলো।  অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস পরিবেশন করে  ‘আমায় ধরে রাখো’, ‘ও বন্ধু’। ভারতীয় জ্যাজ শিল্পী লুইস ব্যাংক বেশ কটি বলিউডি গানের সঙ্গে জ্যাজের ফিউশন করে পরিবেশন করেন।

ছবি—জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম