২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই 'প্রেমিক'-এর সঙ্গে দিপিকা

রানবির কাপুর না রানভির সিং - কার সঙ্গে পর্দায় রসায়ন সেরা? এমন প্রশ্নের মুখোমুখি বার কার হতে হয় দিপিকা পাড়ুকোনকে। বরাবরই সুকৌশলে প্রশ্নটি এড়িয়ে যান 'পিকু' তারকা। কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করেই নিজেই দিলেন জবাব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 01:15 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

নিন্দুকের মুখে ছাই দিয়ে রানভির এবং রানবিরকে একই ফ্রেমে নিয়ে এসেছেন দিপিকা, সঙ্গে ছিলেন তিনি নিজেও। ছবিটি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, "আমি এবং আমার হটিরা। সামলানো কঠিন।"

সাবেক প্রেমিক রানবির কাপুরের সঙ্গে পর্দায় দিপিকার বোঝাপড়া প্রশংসার দাবী রাখে। সুপারহিট সিনেমা 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'তে তাদের রসায়ন মন কেড়েছিল দর্শকের। তাদের পরবর্তী সিনেমা 'তামাশা' আসছে নভেম্বরের শেষের দিকে। সিনেমাটির ট্রেইলার ও গানগুলোতে রানবির-দিপিকাকে চমৎকার দেখাচ্ছে।

এদিকে 'ভালো বন্ধু' রানভির সিং-এর বিপরীতে 'বাজিরাও মাস্তানি' মুক্তি পাচ্ছে আগামী মাসে। 'রামলিলা'র মতো এ সিনেমাতেও পর্দায় আগুন ধরাতে চলেছেন রানভির-দিপিকা জুটি আর তার ইঙ্গিত মিলেছে ট্রেইলার ও গানে।

হাসিমুখে তোলা তিন তারকার এই ছবি ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। ছবিতে ভক্তদের 'লাইক'-এর সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার। শেয়ার হয়েছে পাঁচশ'র কাছাকাছি।