২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নিজেকে দেখে অনুপ্রাণিত হয়েছি'

এমা ওয়াটসন এবং মালালা ইউসুফজাই - দুই ভুবনের এই দুই বাসিন্দা কিন্তু একটা জায়গায় এসে ঠিকই মিলে গেছেন, তারা দুজনই নারী উন্নয়নে ভূমিকা রাখায় উৎসাহী। মালালাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘হি নেইমড মি মালালা’র প্রদর্শনীতে মুখোমুখি হয়েছিলেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 11:42 AM

Updated : 25 Apr 2022, 02:06 PM

অভিনেত্রী হওয়ার পাশাপাশি জাতিসংঘের নারী উন্নয়ন প্রতিনিধি এমা ওয়াটসন পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কারজয়ীর সাক্ষাৎকার নেন যুক্তরাজ্যের ইনটু ফিল্ম ফেস্টিভালে তথ্যচিত্রটির প্রদর্শনীতে। 

সাক্ষাৎকারের শুরুতেই এমা বলেন, “সবচেয়ে অসাধারণ ব্যাপারটি হলো তুমি নিঃসন্দেহে যে মহান ব্যক্তিতে পরিণত হয়েছো, সেটা কিভাবে হয়েছো তা তুমি নিজেই দেখছো। যে কোনো মানুষ এটা দেখে অনুপ্রাণিত হয়ে ভালো কিছু করার উদ্যোগ নিতে পারে। সিনেমাতে পরিবর্তনের এই বার্তাটি আসলেই দারুণ।”

মালালা তুলে ধরেন পর্দায় নিজেকে দেখার অভিজ্ঞতার কথা।

“নিজেকে পর্দায় দেখতে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করি না, এমনকি আমি আমার কণ্ঠ পর্যন্ত শুনতে পারি না। তবে এই সিনেমায় আমি নিজেকে দেখে নিজেই অনুপ্রাণিত হয়েছি।”

নিজের সংগঠন মালালা ফান্ড নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন ১৮ বছর বয়সী মালালা।

“আমি চাই প্রত্যেকটি শিশুই যেন মানসম্পন্ন শিক্ষার সুযোগটি পায়। আর আমার এই স্বপ্নটি বাস্তবায়নের জন্য, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবংউদ্যোগ নিতে হবে।”

নারীদের শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় বাধার প্রসঙ্গটিও উঠে আসে সাক্ষাৎকারে। সে প্রসঙ্গে মালালা বলেন, “ধর্মে জানানো হয়েছে পড়বার কথা। সেখানে নারী-পুরুষ আলাদা করে কিছু বলা হয় নি।” 

২৩ মিনিটের সাক্ষাৎকারটি নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেন ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন। একে অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই অনুপ্রেরণাদায়ক বার্তাগুলো এমাকে তার পুরুষ ভক্তদের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ করেন মালালা।