২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের পাশে বলিউড

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার পর তীব্র সমালোচনার শিকার হচ্ছেন বলিউডের কিং খান শাহরুখ। তার পাশে এসে দাড়িয়েছেন মুম্বাই সিনে পাড়ার বাসিন্দারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 02:59 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে - এই মন্তব্য করে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের অনেক নেতা ও হিন্দুমৌলবাদী সংগঠনগুলোর চক্ষুশূলে পরিণত হয়েছেন শাহরুখ । তবে শাহরুখের প্রতি সমর্থন জানিয়েছেন রিতেশ দেশমুখ, যোয়া আখতার, সুধীর মিশ্রর মতো চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 

রিতেশ বলেন, "শাহরুখের সঙ্গে যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। আমি তার সাক্ষাৎকারটি দেখেছি। আমার ধারণা তাকে লক্ষ্যবস্তু বানিয়ে সবাই বিষয়টি নিয়ে অযথাই মাতামাতি করছে।"

রিতেশের সঙ্গে গলা মিলিয়ে চলচ্চিত্রকার সুধীর মিশ্র বলেন, "শাহরুখ একজন বড় মাপের অভিনেতা। তিনি খুব নম্রভাবেই নিজের মন্তব্য প্রকাশ করেছেন। তার সমালোচনা না করে তার কথা শোনা উচিত সবার।"

নির্মাতা যোয়া আখতার বলেন, "তার মত একজন তারকাকে যদি নিজের মত প্রকাশের জন্য এমন হেনস্থা হতে হয়, তবে ব্যাপারটা রীতিমত হাস্যকর হয়ে দাঁড়ায়। তিনি অনেক বড় শিল্পী, অসংখ্য মানুষ তাকে ভালোবাসে।"

অভিনেত্রী এশা গুপ্তা বলেন, "শাহরুখ একজন ভারতীয় অভিনেতা, যিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করেন। তার ধর্ম নিয়ে গবেষণা করা কারও উচিত নয়।"

২ নভেম্বর নিজের জন্মদিনে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ভারতে ধর্মের নামে হানাহানি ক্রমশ বাড়ছে এবং তা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

শাহরুখের এই মন্তব্যের পর তাকে ‘ভারত বিরোধী’ আখ্যা দিয়ে বসেন বিজেপি নেতা কৈলাস বিজয়ভারগ্য বলেন। কৈলাসের সঙ্গে গলা মিলিয়ে আরেক বিজেপি নেতা ইয়োগি আদিত্যনাথ শাহরুখকে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার নেতা হাফিজ সায়িদের সঙ্গে তুলনা করেন।

আপাতত মুম্বাইয়ে শাহরুখের বাড়ির আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা: সাহিত্যিক-নির্মাতাদের প্রতিবাদ চলছে

'মুসলমান বলে শাহরুখকে লক্ষ্য বানাবেন না'
‘শাহরুখ ভারতে, তার আত্মা পাকিস্তানে’