'মুসলমান বলে শাহরুখকে লক্ষ্য বানাবেন না'
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে এমন মন্তব্য করার পর ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন শাহরুখ খান। কেউ তাকে পাকিস্তানের গুপ্তচর বলছেন, কেউ বলছেন ভারত বিরোধী। এসব কিছুর মধ্যে শাহরুখের পাশে এসে দাড়িয়েছে, পাকিস্তানি শিল্পীদের ভারতের মাটিতে পা রাখতে না দেয়ার শপথ নেয়া হিন্দুত্ববাদী দল শিভ সেনা।
শিব সেনা বলছে, কেবল মুসলমান বলেই শাহরুখকে আক্রমণ করা ঠিক নয়। শিব সেনা সাংসদ সঞ্জয় রাওয়াত প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, "এই দেশে সহনশীলতা রয়েছে এবং মুসলমানরাও সহনশীল। কেবল মুসলমান হওয়ার কারণে শাহরুখকে লক্ষ্য বানানো উচিৎ নয়।"
তিনি আরো বলেন, "এই দেশে সহনশীলতা আছে বলেই শাহরুখ খান মহাতারকা হতে পেরেছেন।"
২ নভেম্বর নিজের জন্মদিনে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার প্রসঙ্গে মন্তব্য করেন শাহরুখ। তিনি বলেন, ভারতে ধর্মের নামে হানাহানি ক্রমশ বাড়ছে এবং তা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
শাহরুখের এই মন্তব্যের পর তাকে ‘ভারত বিরোধী’ আখ্যা দিয়ে বসেন বিজেপি নেতা কৈলাস বিজয়ভারগ্য বলেন। কৈলাসের সঙ্গে এবার গলা মিলিয়েছেন আরেক বিজেপি নেতা ইয়োগি আদিত্যনাথ। তিনি শাহরুখকে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার নেতা হাফিজ সায়িদের সঙ্গে তুলনা করেন।
আদিত্যনাথ আরও বলেন, শাহরুখের বোঝা উচিত ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, যদি তারা শাহরুখের সিনেমা দেখা বন্ধ করে দেন তবে তাকে একজন 'সাধারণ মুসলমান’- এর মতোই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে।
যদিও দুই নেতার মন্তব্যের দায়ভার নিতে রাজি হয়নি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
