অ্যাডেলের রেকর্ড গড়া চলছে
চার বছরের বিরতির পর ফিরে যেন নিজেকেই ছাড়িয়ে গেছেন ব্রিটিশ সংগীত তারকা অ্যাডেল। তার নতুন সিঙ্গেল 'হ্যালো'র জয়রথ চলছেই।
মুক্তির এক সপ্তাহেই গানটি অর্থের বিনিময় ১১ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। এটিই বিলবোর্ড চার্টের প্রথম গান যেটি ১০ লাখের মাত্রা ছাড়াতে পেরেছে।
২০১১ সালে অ্যাডেল সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন তার অ্যালবাম 'টোয়েন্টি ওয়ান' মুক্তির পর। ছয়টি গ্র্যামি জয় করে নেয়া ছাড়াও অ্যালবামটি বিশ্বজুড়ে বিক্রি হয়েছিল ৩ কোটি কপিরও বেশি। চার বছর পর এবার বের হচ্ছে তার নতুন অ্যালবাম 'টোয়েন্টি ফাইভ'। আর 'হ্যালো' সেই অ্যালবামেরই নতুন একটি গান।
ডাউনলোডের পাশাপাশি গানটি মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাই-এ স্ট্রিম হয়েছে প্রায় ৪ কোটি ৭৫ লাখ বার। স্ট্রিমিং এর দিক দিয়েও স্পটিফাই-এর ইতিহাসে রেকর্ড করেছে 'হ্যালো'।
প্রকাশিত হওয়ার পরই ইউটিউবে প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা মিউজিক ভিডিওর স্থানটিও দখল করে নেয় 'হ্যালো’। মুক্তির পর ২৪ ঘণ্টায় ভিডিওটি দেখা হয় ২ কোটি ৭০ লাখেরও বেশি বার।
নিয়েলসন মিউজিকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাপ তারকা ফ্লো রিডার 'রাইট রাউন্ড' ই ছিল সবচেয়ে বেশি বার ডাউনলোড হওয়া ডিজিটাল সিঙ্গেল। ২০০৯ এ মুক্তির প্রথম সপ্তাহে ভিডিওটি প্রায় ৬ লাখ ৩৬ হাজার বার ডাউনলোড করা হয়।
অ্যাডেলের তৃতীয় স্টুডিও অ্যালবাম 'টোয়েন্টি ফাইভ' মুক্তি পাবে ২০ নভেম্বর।
ফিরেই অ্যাডেলের রেকর্ড
