রেকর্ডের জোয়ারে ভাসছে 'স্পেক্টার'
যুক্তরাজ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের ইতিহাস গড়ার পর, বিশ্বব্যাপী রেকর্ডের জোয়ার বইয়ে দিচ্ছে 'জেমস বন্ড' সিরিজের ২৪তম চলচ্চিত্র 'স্পেকটার'।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও মুক্তি পায়নি তারকাবহুল সিনেমাটি। তবে ইউরোপের ছয়টি দেশে মুক্তি পেয়ে বক্স-অফিসে রীতিমতো ঝড় তুলেছে স্যাম মেন্ডেস পরিচালিত 'স্পেকটার'। এক সপ্তাহ যেতে না যেতেই সিনেমাটি আয় করেছে ৮ কোটি ৪ লাখ ডলার।
উদ্বোধনী আয়ের দিক থেকে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে এটি পেছনে ফেলেছে সিরিজের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা 'স্কাইফল'কে।
শুধু ব্রিটেনেই 'স্পেকটার' মুক্তি পেয়েছে ৬৪৭ টি প্রেক্ষাগৃহের আড়াই হাজার পর্দায়। সর্বোচ্চ পর্দায় মুক্তি পাওয়ারও রেকর্ড গড়েছে সিনেমাটি।
প্রথম দিনের আয়ের হিসাবে নেদারল্যান্ডেও রেকর্ড গড়েছে সিনেমাটি। যাত্রা শুরু করেছে ৩৭ লাখ মার্কিন ডলার আয় দিয়ে।
উত্তর ইউরোপেও 'স্পেকটার'- এর শুরুটা হয়েছে চমৎকারভাবে। ফিনল্যান্ড ও নরওয়েতে সিনেমাটি আয় করেছে ১ কোটি ২৭ লাখ ডলার। একই অবস্থা দেখা গেছে ডেনমার্ক ও সুইডেনেও।
বিশ্বের অন্যতম বড় বাজার উত্তর আমেরিকায় সিনেমাটি মুক্তি পাবে ৬ নভেম্বর।
'স্পেকটার'- এর মাধ্যমে বন্ড চরিত্রকে বিদায় জানাবেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এতে আরও অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি ও লিয়া সেড্যু। খলনায়ক হিসেবে দেখা যাবে ক্রিস্তফ ওয়াল্টজকে।
