এক নারীর ভয়ে নিরাপত্তা বাড়ালেন কাম্বারব্যাচ
এক নারীর ভয়ে সম্প্রতি পুলিশ ডাকতে হলো ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচকে। নিজের নিরাপত্তা বাড়ানোরও আবেদন করেছেন ‘শার্লক’ খ্যাত এই অভিনেতা।
কাম্বারব্যাচ তার স্ত্রী এবং পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে যে বাড়িতে থাকেন তার আশপাশে বেশ কয়েকবার দেখা গেছে এই নারীকে। একবার কাম্বারব্যাচের গাড়িতে এবং আরেকবার বাড়ির জানালায় লাল ফিতা রেখে গেছেন এই নারী। এই লাল ফিতা মনে করিয় দেয় শার্লক হোমসকে নিয়ে লেখা আর্থার কোনান ডয়েলের প্রথম উপন্যাস ‘আ স্টাডি ইন স্কারলেট’-এর কথা। উপন্যাসে এই গোয়েন্দা বলেন, “জীবনের রঙহীণ ত্বকের নিচ দিয়ে খুনের লাল ধারা বয়ে যাচ্ছে।”
পাগল ভক্তের এই লাল ফিতা কাণ্ডের পরই পুলিশের দ্বারস্থ হন কাম্বারব্যাচ। এক সূত্র বলছে, “বেনেডিক্ট দুঃখিত হওয়ার চেয়ে বরং নিরাপদ থাকতে চান। তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং সব রকমের সতর্কতা যাতে অবলম্বন করা হয় তা নিশ্চিত করার চেষ্টা করছেন।”
লন্ডনের বারবিকান থিয়েটার, যেখানে হ্যামলেট হিসেবে মঞ্চে আবির্ভূত হচ্ছেন কাম্বারব্যাচ, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ঐ নারীর বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছে যা পরবর্তীতে হয়রানির মামলায় প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা যাবে।
