২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শানদার’-এর চমকহীন যাত্রা

দুর্দান্ত সূচনার আবেশটা আর ধরে রাখতে পারলো না শাহিদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘শানদার’। ভারতে দাশেরার ছুটিতে মুক্তি পাওয়া সিনেমাটি চার দিনে আয় করেছে ৩৩ কোটি রুপির কিছু বেশি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 03:29 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

ধারণা করা হয়েছিল, প্রথম দিন দারুণ ব্যবসা করা সিনেমাটির আয় সপ্তাহান্তে ৫০ কোটি রুপি ছাড়াবে। কিন্তু মুক্তির পরদিন থেকেই নামতে শুরু করে সিনেমাটির আয়ের সূচক। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইটে পাওয়া যায় সে খবর।

“শানদার- বৃহস্পতিবার ১৩ কোটি ১০ লাখ, শুক্রবার ৭ কোটি ৫৫ লাখ, শনিবার ৬ কোটি ৭৫ লাখ, রবিবার ৬ কোটি ১১ লাখ, মোট ৩৩ কোটি  ৫১ লাখ রুপি। হতাশাজনক!”- লেখেন আদার্শ।

তবুও ‘শানদার’ সিনেমাটি শাহিদ-আলিয়ার ক্যারিয়ারে এক মাইলফলক। কারণ এই দুই অভিনয়শিল্পীরই মুক্তির দিন সর্বোচ্চ আয় করা সিনেমা এটি।

গত বছরের ব্লক বাস্টার হিট সিনেমা ‘কুইন’ এর পরিচালক ভিকাস বেহেল তেমন একটা সুবিধা করতে পারলেন না তার দ্বিতীয় সিনেমা ‘শানদার’-এর বেলায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জায় কাপুর, পঙ্কজ কাপুর এবং সানাহ কাপুর।