২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই মঞ্চে গাইবেন সুনিধি-হাবিব

বাংলাদেশের কন্ঠশিল্পী, সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ও ভারতীয় গায়িকা সুনিধি চৌহানকে একই মঞ্চে পেতে যাচ্ছেন ঢাকার শ্রোতারা। ৬ নভেম্বর উইন্টার ব্লাস্ট-২০১৫ শিরোনামের এই কনসার্টে দুই শিল্পী প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ মাতাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 10:27 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবং ইনসেপশন মিডিয়া লিমিটেড আয়োজিত এই কনসার্টে হাবিব ও সুনিধির সঙ্গে আরও পারফর্ম করবেন ইন্ডিয়ান আইডল ফাইভ বিজয়ী রাকেশ মাইনি।

আয়োজকরা জানিয়েছে, ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে বসবে এ সংগীত আসর।

রোববার ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনসেপশন মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বদরুদ্দীন বলেন, “প্রায়ই নানা কনসার্টে বিদেশি তারকাদের নিয়ে একক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশীয় তারকাদের অবজ্ঞা করা হচ্ছে, এমন অভিযোগও আমাদের শুনতে হয়। তাই আমরা ঠিক করেছি, বিদেশি তারকাদের পাশাপাশি আমাদের দেশের জনপ্রিয় তারকাদেরও আমরা সুযোগ দেবো। তাদেরকে আমরাও সম্মানিত করতে চাই।”

তিনি জানালেন, সবকিছু ঠিক থাকলে ৪ অথবা ৫ নভেম্বর সুনিধি ঢাকায় পৌঁছাবেন। সুনিধির সঙ্গে থাকবে তার ১৯ সদস্যর একটি দল। 

প্রায় তিন মাস ধরে দেশের বাইরে অবস্থান করছেন হাবিব ওয়াহিদ। তবে ফেইসবুকে পেইজে এ আয়োজনের পোস্টার শেয়ার করে ভক্ত শ্রোতাদেরকে তা উপভোগ করার আমন্ত্রন জানাতে ভোলেননি। 

সংবাদ সম্মেলনে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাশফিনা হায়দার আনুষ্ঠানিকভাবে কনসার্টের টিকিট বিক্রির উদ্বোধন ষোষণা করেন।তিনি জানান, ১৮ নভেম্বর থেকে আগ্রহী দর্শকরা কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারবেন।

লায়ন, টাইগার, প্যানথার ও চিতা এই চার ধরনের টিকিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমেলায়ন দশ হাজার টাকা, টাইগার সাত হাজার টাকা, প্যানথার পাঁচ হাজার টাকা, এবং চিতা তিন হাজার টাকা।

অনলাইনে টিকিট সংগ্রহ করতে চাইলে ভিজিট করতে হবে  etunes.com.bd   বা   ticketchai.com  ঠিকানায়।

এছাড়া বিনস অ্যান্ড অ্যারোমা (উত্তরা), টিউন অ্যান্ড বাইট (খিলগাও), নো ম্যাডস (ধানমন্ডি), ম্যাডশেফ  (ধানমন্ডি) সহ আরও কয়েকটি রেস্তোরাঁয় টিকিট পাওয়া যাবে।

টিকিট এবং অন্যান্য তথ্যের জন্য এই ইভেন্টের আনুষ্ঠানিক ফেইসবুক পেজ ভিজিট করলেই হবে, যা হলো: https://www.facebook.com/events/818367628262436।

ছবি- হাবিব ওয়াহিদ ও সুনিধি চৌহানের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্ট থেকে।