‘অন্তরঙ্গে’ই অন্ত চাষী নজরুলের
প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের সবশেষ ছবি ‘অন্তরঙ্গ’ মুক্তি পাচ্ছে নভেম্বরে। মামনুন হাসান ইমনের বিপরীতে এ সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটতে চলছে আলিশার। সিনেমাটির প্রযোজকও তিনি, সহ-প্রযোজক হিসেবে থাকছেন তার মা হোসনা প্রধান।
শুক্রবার ঢাকার স্প্রেকটা কনভেনশন সেন্টারে সিনেমাটির অডিও সিডি প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে আলিশা বলেন, “২০১৩ সালের নভেম্বরে শুরু করেছিলাম। এ বছর ৬ নভেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে । আমি অবশ্যই অনেক বেশি আনন্দিত। এটা যেহেতু পরিচালক চাষী নজরুল ইসলামের পরিচালিত শেষ ছবি, তাই এ ছবির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে সবার।”
মডেল, ছোট পর্দার অভিনেত্রী থেকে বড় পর্দায় নিয়ে আসার জন্ড চাষী নজরুলের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না এই নবাগতা।
“নতুন ছেলেমেয়েদের সিনেমাতে সুযোগ পাওয়া খুব দুষ্কর। অনেক বাধা ধরা নিয়মনীতি থাকে। সিনেমার নায়িকা হওয়া চাট্টিখানি কথা নয়। কিন্তু আমার আবিস্কারক চাষী নজরুল ইসলাম আমার উপর বিশ্বাস রেখেছিলেন। আমাকে তিনি নায়িকা হিসেবে সুযোগ দিয়েছেন, আমি এটা কখনো ভুলতে পারব না।”
“আমি মৃত্যুর এক সপ্তাহ আগেও বিশ্বাস করিনি আমার বয়ফ্রেন্ড এতটা অসুস্থ। তার সঙ্গে দুই বছরের পরিচয়। আমি তাকে মজা করে বয়ফ্রেন্ড বলতাম। শেষবার যখন তাকে দেখতে গেলাম তার চেহারা দেখে আমি তাকে চিনতে পারিনি। তিনি কেমন জানি হয়ে গিয়েছিলেন।”
অনুষ্ঠানে এসে প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের স্ত্রী জোৎস্না কাজী জানান, ছবিটি নির্মাণের শেষ দিকে এসে চাষী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ছবির সম্পাদনার কাজেও তিনি থাকতে পারেননি। তিনি চলচ্চিত্র পরিবারের সদস্যদের অনুরোধ করেন, প্রয়াত পরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবাই যেন সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে আসে।
“সবাই বলেছিলেন, চাষী নজরুল বাণিজ্যিক ছবি বানিয়ে সফলতা না ও পেতে পারেন। কিন্তু ছবিটি মুক্তির পর হলে আসুন, ছবিটি দেখুন। চাষী নজরুল কত বড় মাপের পরিচালক ছিলেন, তা জানুন।”
চাষীর দীর্ঘদিনের সহকর্মী পরিচালক আমজাদ হোসেন বললেন, “চাষীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শিল্পীদের পাশাপাশি দর্শককেও অনুরোধ জানাই, হলে এসে সিনেমাটি দেখুন। সিনেমাটি দেখে আলোচনা আর সমালোচনা করুন।”
চাষী নজরুল ইসলাম ইমন ও আলিশাকে নিয়ে ‘ভুল যদি হয়’ শিরোনামে আরেকটি ছবিও নির্মাণ করেছিলেন।
