২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সাহসী মেয়ে' লরেন্সের প্রশংসায় তারকারা

নায়ক-নায়িকাদের সম্মানীতে বৈষম্যের বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছে হলিউডে। সম্প্রতি এ বিষয়ে একটি খোলা চিঠি লেখায় অভিনেত্রী জেনিফার লরেন্সকে সাধুবাদ জানিয়েছেন তার বেশ কয়েকজন সহশিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 02:33 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

অভিনেত্রী লেনা ডানহামের ওয়েবসাইট 'লেনি লেটার' এ একটি খোলা চিঠি লেখেন অস্কারজয়ী এই অভিনেত্রী, যেখানে পারিশ্রমিক বৈষম্য নিয়ে ক্ষোভের পাশাপাশি একজন নারী শিল্পী হিসেবে তার কুণ্ঠা ও সংকোচের বিষয়টিও উঠে আসে।

লরেন্স তার চিঠিতে লেখেন, "অন্যদের খুশি করার জন্য আমি আর নিজেকে দমিয়ে রাখতে চাই না। ভালো মেয়ে হয়ে থাকার দিন শেষ। আমার মনে হয়না কোনো অভিনেতার এই ধরনের সমস্যায় পড়তে হয়, তারা কোনো উচ্চবাচ্য ছাড়াই নিজেদের প্রাপ্য সব কিছু পায়।"

লরেন্সকে সাধুবাদ জানিয়েছেন তার 'সিলভার লাইনিং প্লেবুক' এবং 'আমেরিকান হাসল'- এর সহশিল্পী ব্র্যাডলি কুপার।

তিনি বলেন, "আসলে বিশ্বের সব ক্ষেত্রেই নারী-পুরুষের এই ভেদাভেদ লক্ষ্য করা যায়, হলিউড যার মধ্যে অন্যতম। যদি কোনো নারী প্রতিবাদ করার সুযোগ পায়, তাহলে খুবই ভালো। আমি সাহসী নারীদের পছন্দ করি। এই ঘটনা সমাজে পরিবর্তন আনবে।"

কুপারের সঙ্গে গলা মিলিয়েছেন অভিনেত্রী সিয়েনা মিলার। জানান,  একটি ব্রডওয়ে প্রযোজনায় অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দেন পারিশ্রমিক বৈষম্যের কারণেই।

'হ্যারি পটার' তারকা এমা ওয়াটসনও স্বাগত জানিয়েছেন লরেন্সের প্রতিবাদকে। এছাড়াও টুইট করে লরেন্সকে সমর্থন দিয়েছেন জেসিকা চ্যাস্টেইন, এলিজাবেথ ব্যাঙ্কসের মত অভিনেত্রীরা।

পুরনো খবর:

‘ভালো মেয়ে হওয়ার দিন শেষ’