নতুন বন্ড ডেমিয়েন লুইস?
‘স্পেক্টার’-এর পর অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে জেমস বন্ড হিসেবে আর দেখা যাবে না- এমন খবর বেশ কিছু দিন ধরেই হাওয়ায় ভাসছে। এবার শোনা গেল আরেক ব্রিটিশ অভিনেতা ডেমিয়েন লুইসকে অনানুষ্ঠানিকভাবে পরবর্তী বন্ড হওয়ার প্রস্তাব দিয়েছেন নির্মাতারা।
‘হোমল্যান্ড’-এর মতো সফল সিরিজের সুবাদে খ্যাতির আলো নিজের করে নিয়েছেন এই অভিনেতা। সার্জেন্ট নিকোলাস ব্রোডির ভূমিকায় অভিনয় তাকে খ্যাতির পাশাপাশি অ্যাওয়ার্ডের সম্মানও এনে দিয়েছে। এবার এই চরিত্রের কারণেই নাকি পরবর্তী বন্ড হবার জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় উপরের দিকে উঠে এসেছেন ডেমিয়েন, এমনটাই বলছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর।
এদিকে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে প্রকাশিত ড্যানিয়ের ক্রেইগের বিভিন্ন কথা ইঙ্গিত দিচ্ছে, দ্রুতই ‘বন্ড’ অধ্যায়ের অন্ত ঘটাবেন তিনি। ‘স্পেক্টার' এর পরেও বন্ড চরিত্রে তাকে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে সম্প্রতি তিনি বলেছিলেন, “এই মুহূর্তে না। আমার একটা জীবন আছে, এবং সেটা নিয়েও আমাকে ভাবতে হবে। তবে, আমরা দেখছি বিষয়টি।”
