অ্যাশকে নিয়ে প্রশ্ন: কি জবাব দিলেন সালমান?
সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে আবারও প্রশ্নের মুখোমুখি হতে হলো সালমান খানকে। দীর্ঘ দিন পর অ্যাশের প্রসঙ্গ ওঠে সালমানের উপস্থাপনায় রিয়ালিটি শো ‘বিগ বস নাইন' -এর সংবাদ সম্মেলনে।
‘জাজবা’ সিনেমার মাধ্যমে চার বছর বিরতির পর পর্দায় ফিরছেন অ্যাশ। আর ঠিক সে সময়ই ছোট পর্দায় চলবে ‘বিগ বস’- এর রাজত্ব। তাই প্রশ্ন করা হয়েছিল, অন্য তারকাদের মতো নিজের সিনেমার প্রচারের জন্য ‘বিগ বস’- এ আসবেন কি না বচ্চন বধূ।
কিন্তু প্রশ্নটি কৌশলে এড়িয়ে যান সালমান। তিনি বলেন, ‘এসব কি আবেগপূর্ণ প্রশ্ন করেন আপনারা!’
এরপর মাইক্রোফোন অন্যের হাতে দিয়ে দেন সালমান।
অ্যাশের সঙ্গে সালমানের প্রেম হয় ১৯৯৯ সালে, সঞ্জয় লিলা বানসালির পরিচালনায় ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় কাজ করতে গিয়ে। কিন্তু এক বছর পরই সম্পর্ক ভেঙে যায় তাদের।
এরপর থেকে একে অপরকে সব সময় এড়িয়ে চলেছেন সাবেক এই জুটি। এর আগে ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে সালমানকে নিয়ে প্রশ্ন করার পর তা এড়িয়ে গিয়েছিলেন অ্যাশও।
