২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা যখন টিভি সিরিজ

জনপ্রিয় কোনো সিনেমার ছোট পর্দায় নাটকে রূপ নেয়ার ঘটনা নতুন নয়। তবে সব সময় এই চেষ্টা সফল হয়েছে, এমনটাও বলা যাবে না। রূপালি পর্দায় সাড়া জাগানোর পর টিভির পর্দায় দর্শক ধরে রাখতে পেরেছে এমন নজির যেমন আছে, তেমনই দেড় থেকে আড়াই ঘণ্টার গল্প দিনের পর দিন টেনে নিয়ে যাওয়ার ঘটনা অনেক সময় হতাশ করেছে দর্শকদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 12:03 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

হানিবাল

কাল্পনিক হয়েও ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার হানিবাল লেকটার, যার প্রতি আগ্রহের শেষ নেই দর্শকদের। এই আগ্রহকে কাজে লাগিয়ে দীর্ঘ বিরতির পর হানিবালকে পর্দায় ফেরালেন চিত্রনাট্যকার ব্রায়ান ফুলার।

২০১৩ সাল থেকে মার্কিন চ্যানেল এনবিসিতে প্রচারিত এই সিরিজের গল্প শুরু হয়েছে হানিবাল লেকটারের উত্থানের ইতিহাস তুলে ধরা সিনেমা ‘রেড ড্রাগন’ থেকে। প্রথম পর্ব প্রচারের পরই দর্শকের মন জয় করেছে ‘হানিবাল’। এতে মাঝ বয়সী হানিবাল লেকটারের চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন ডেনমার্কের অভিনেতা ম্যাডস মিকেলসেন।

বেটস মোটেল

আলফ্রেড হিচককের ‘সাইকো’ সিনেমার নরম্যান বেটসকে সবাই চেনে, কিন্তু কেউ জানেনা নরম্যানের ‘সাইকো’ হয়ে ওঠার গল্প। হলিউডের অন্যতম সেরা সাইকোলজিকাল হরর সিনেমা ‘সাইকো’র প্রিকুয়াল ‘বেটস মোটেল’-এ দেখানো হয়েছে কিশোর নরম্যান বেটসকে যার মা তার একমাত্র বন্ধু।

এ অ্যান্ড ই চ্যানেলে প্রচারিত ‘বেটস মোটেল’ চলতি গ্রীষ্মে শেষ করেছে তৃতীয় সিজন। এতে অভিনয় করে স্যাটার্ন অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী ভেরা ফারমিগা, এছাড়া কিশোর নরম্যানের চরিত্রে ব্যাপক সমাদৃত হয়েছেন ফ্রেডি হাইমোর।

টুয়েলভ মাংকিজ

টিভি সিরিজ ‘টুয়েলভ মাংকিজ’কে ১৯৯৫ সালের সাই-ফাই সিনেমাটির রিমেইক বলা যায়। পার্থক্য একটাই, উত্তেজনার মাত্রাটা এখন আরও বেশি।

সাইফাই চ্যানেলে চলতি বছরের জানুয়ারি থেকে প্রচারিত হচ্ছে ‘টুয়েলভ মাংকিজ’। ১৩ হাজারেরও বেশি ভোট পেয়ে এই সিরিজের আইএমডিবি রেটিং এখন ৭ দশমিক ৬। আগের চরিত্রগুলো থাকলেও পাল্টেছে ব্র্যাড পিট অভিনীত অস্কার মনোনয়ন পাওয়া জেফরি গোয়েন্সের চরিত্রটি, টিভি সংস্করণে তার স্থান নিয়েছে জেনিফার গোয়েন্স। প্রথম সিজনের সাফল্যের পর শুরু হয়েছে সিরিজটির দ্বিতীয় সিজনের কাজ।

গথাম

ব্রুস ওয়েন আঁধারের অভিযাত্রী ব্যাটম্যান হয়ে উঠলেন যে শহরে, সেই গথামের না বলা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গথাম’। তবে এই সিরিজের মূল নায়ক ব্রুস ওয়েইন নন, বরং গোয়েন্দা জিম গরডন।

এই সিরিজে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ব্যাটম্যান সিরিজের সব সুপারভিলেইনদের সঙ্গে। কিন্তু ব্যাটম্যানের মতো তারাও এখনও অঙ্কুর । পরিচালনার পাশাপাশি সিরিজটিতে সেট ডিজাইনের ব্যাপারে দেয়া হয়েছে বিশেষ নজর। তুমুল জনপ্রিয়তার সঙ্গে প্রথম সিজনের সমাপ্তির পর সম্প্রতি দ্বিতীয় সিজনের যাত্রা শুরু করেছে ‘গথাম’।

কন্সটান্টিন

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘কন্সটানটিন’ ছোট পর্দায় ফিরে দর্শকদের মধ্যে তেমন একটা উত্তাপ সৃষ্টি করতে পারেনি।  দর্শকের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়ায় ২০১৪ সালের অক্টোবরে শুরু হয়ে ১৩টি পর্বের প্রথম সিজন শেষে বাতিল হয়ে যায় সিরিজটি।

ফার্গো

২০১৪ সালে যখন প্রথম ছোট পর্দায় আবির্ভাব হয় কাল্ট মুভি ‘ফার্গো’র টিভি সংস্করণের, তখন অনেকের প্রত্যাশাই ছিল শূন্যের কোঠায়। কিন্তু নিন্দুকের আশার গুড়ে বালি দিয়ে সে বছরের শ্রেষ্ঠ সিরিজের খেতাব জিতে নেয় ‘ফার্গো’।

কোয়েন ব্রাদার্সের স্মরণীয় সৃষ্টি ‘ফার্গো’র আকর্ষণ ধরে রাখতে পেরেছেন সিরিজের নির্মাতা নোয়াহ হাওলি। প্রথম সিজনেই সিরিজটি একাধারে জিতে নেয় ক্রিটিকস চয়েস, এমি এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড—প্রত্যেকটিই সেরা সিরিজ হিসেবে।

স্লিপি হলো

‘স্লিপি হলো’ বড় পর্দায় এসেছে বেশ কয়েকবারই। অবশেষে এল সিরিজ হিসেবেও। তবে এবার প্রেক্ষাপট একবিংশ শতাব্দীর নিউ ইয়র্ক শহর।

কাহিনিতে খানিকটা পরিবর্তন এনেছেন সিরিজটির নির্মাতারা। এরপরও টিভি দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে ‘স্লিপি হলো’। ২০১৩ সালে শুরু হওয়া সিরিজটি এখন অপেক্ষা করছে তৃতীয় সিজনের, যা শুরু হবে অক্টোবর থেকে।

লিমিটলেস

ভবঘুরে লেখক এডি মোরার জীবনের সব সমস্যা মিটিয়ে দিয়েছিল একটি বড়ি, এবার নতুন কারও পালা। সদ্য শুরু হওয়া ‘লিমিটলেস’ সিরিজে দেখা গেছে নতুন কয়েকটি চরিত্র, তবে সেই চমকপ্রদ বড়িকে ঘিরেই এগুচ্ছে গল্প।

‘লিমিটলেস’-এর টিভি সিরিজে নিয়মিত না থাকলেও মাঝে মাঝেই পর্দায় হানা দেবেন মূল সিনেমার নায়ক ব্র্যাডলি কুপার। এছাড়া টিভি দর্শকের প্রিয় গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে আরও একবার ফিরছেন অভিনেত্রী জেনিফার কারপেন্টার। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘লিমিটলেস’ টিভি সিরিজ।