২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক, টুইটার - যেখানে হাতের নাগালে তারারা

সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা ও ভক্তের ভেতরের আকাশ-পাতাল তফাৎ অনেকটাই ঘুঁচিয়ে দিয়েছে। এখন বিনোদন আকাশের তারাদের হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলা যায়। তেমনি তারকারাও মাটিতে নেমে এসে নিজেদের মতামত জাহির করতে পারেন। কিন্তু অনেক সময় অযাচিতভাবে তাদের আক্রমণেরও শিকার হতে হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 11:39 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বোকা মেয়ে আলিয়া 

নির্মাতা কারান জোহারের টক শো ‘কফি উইথ কারান’-এ এসে পৃথ্বীরাজ চৌহানকে ভারতের প্রধানমন্ত্রী বলার পর থেকে ‘বোকা মেয়ে’র তকমা জুটে যায় আলিয়া ভাটের কপালে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুকের বিষয়বস্তুতে পরিণত হন তিনি।

আলিয়া এরপর নিজেই নিজেকে উপহাস করা শুরু করেন। তিনি অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় ‘বোকা মেয়ে’র অপবাদ ঘোঁচাতে আলিয়ার আপ্রাণ চেষ্টা।

দিপিকার ‘বুকের ভাঁজ’ বিতর্ক

২০১৪ সালে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয় দিপিকার একটি পুরোনো ছবি, যেখানে লেখা ছিল ‘ওহ মাই গড, দিপিকার বুকের ভাঁজ দেখা যাচ্ছে!’

আর এতেই চটে যান দিপিকা। টাইমস অফ ইন্ডিয়াকে মোক্ষম জবাব দেন টুইটারেই। দিপিকার টুইট ছিল, ‘হ্যাঁ আমি নারী। আমার স্তন আছে, স্তনের ভাঁজ আছে। কোনো সমস্যা?’

পর্ন নিষিদ্ধে তারকাদের ক্ষোভ

অগাস্টের শুরুতে ভারতে নিষিদ্ধ করা হয় প্রায় ৯০০টি পর্নগ্রাফিক ওয়েবসাইট। এতে সমালোচনায় ফেটে পড়েন মুম্বাইয়ের বিনোদন জগতের তারকারা। টুইট করে সরকারের সিদ্ধান্তে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন তারা।

তবে এ বিষয়ে কোনো কথা না বলেই সবার নজর কাড়েন সাবেক পর্ন তারকা সানি লিওনি। টুইটারে তিনি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন, যেখানে ড্যানিয়েলের টিশার্টে লেখা ছিল ‘যৌনতা বিক্রি হয়’।

মাংস নিষিদ্ধে টুইট: ট্রলের শিকার সোনাম-সোনাকশি

পর্ন সাইট বন্ধের কিছু দিন পরই জৈন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভারতের মহারাষ্ট্রে কয়েক দিনের জন্য প্রকাশ্যে মাংস বেঁচাকেনা নিষিদ্ধ করে রাজ্য সরকার।

সরকারের এই সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করার সামিল বলে মত দেন অনেকে। মাংস নিষিদ্ধের সমালোচনা করে পাল্টা সমালোচনার শিকার হন অভিনেত্রী সোনাম কাপুর ও সোনাকশি সিনহা। ভারত তৃতীয় বিশ্বের দেশ থেকে যাবে - এমন মন্তব্য করার পর তোপের মুখে পড়েন সোনাম। অপরদিকে হিন্দুস্থানকে ‘ব্যানিস্তান’ অভিহিত করে টুইটারে একের পর এক আক্রমণের শিকার হন সোনাকশি।

খান ভক্তদের টুইটার লড়াই

বলিউডের দুই খানের মধ্যে এখন গলায় গলায় ভাব। কিন্তু ভক্তদের মধ্যে রেষারেষি কমেনি। ভূয়া অ্যাকাউন্ট খুলে নিজের প্রিয় অভিনেতার প্রতিদ্বন্দ্বীকে হেয় করার অভিযোগ যখন কানে পৌঁছায় সালমানের, তখন টুইটার থেকে চলে যাওয়ার হুমকি দেন তিনি।

সালমান তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, শাহরুখ ও আমির দুজনই তার বন্ধু। যদি তার কোনো ভক্ত ভূয়া অ্যাকাউন্ট খুলে কারো বিরুদ্ধে ট্রল করেন, তবে টুইটার ব্যবহার ছেড়ে দেবেন তিনি। সালমানের এই হুমকিতে কাজ হয়েছিল ভালই, এরপর অনেকটাই কমে যায় খান ভক্তদের রেষারেষি।

আরাধিয়াকে নিয়ে মিম, অভিষেকের জবাব

অভিষেক বচ্চনের সিনেমার সমালোচনা করতে গিয়ে আরাধিয়াকে টেনে আনেন এক টুইটার ব্যবহারকারী। টুইট করে তিনি লেখেন, "অপেক্ষায় আছি কবে আরাধিয়া তার বাবার ‘দ্রোনা’ ও ‘ঝুম বারাবার ঝুম’এর মতো সিনেমাগুলো দেখবে। আর মা ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করবে, তাকে বিয়ে করার কি দরকার ছিল?"

নিজের ক্যারিয়ার নিয়ে প্রতিনিয়ত সমালোচনার শিকার হলেও এই টুইটটি মেনে নেননি অভিষেক। শেষ পর্যন্ত অভিষেক আর তার ভক্তদের রোষানলে পড়ে টুইটটি মুছে দিতে বাধ্য হন সেই ব্যক্তি।

‘তৃতীয় শ্রেণী’র অভিনেতা অমিতাভ!

সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ বচ্চনকে ‘তৃতীয় শ্রেণী’র অভিনেতা বলেন এক গাড়িচালক। তার অভিযোগ ছিল, প্রতিদিন সকালে অমিতাভের বাড়ি জলসার সামনে ভক্তদের ভিড়ের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে অনেকের সময়ের অপচয় হয়। এছাড়া অমিতাভকে তার ভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য সমুদ্র সৈকতের মতো খোলা জায়গায় যাওয়ার পরামর্শও দেন সেই ক্ষুব্ধ গাড়িচালক। জবাবে অমিতাভ বলেন, ভক্তরা তার পরিবারের মতো। পরিবারের সদস্যদের সঙ্গে মানুষ বাড়িতেই দেখা করে, সৈকতে নয়।

সালমানের গাড়ি চাপা মামলা বিতর্ক

চলতি বছরের মে মাসে, ২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হন সালমান খান। তাকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। সালমানের রায়ে  দুঃখ প্রকাশ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে বসেন কয়েকজন তারকা।

ছিন্নমূল মানুষদের ফুটপাতে ঘুমানোর সমালোচনা করে টুইট করেন ডিজাইনার ফারাহ খান আলি ও গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ফারাহ বলেন, কারো রাস্তার পাশে ঘুমানো উচিৎ নয় কারণ তা বিপদজনক। অন্যদিকে অভিজিৎ বলেন, রাস্তার কুকুরের ঘুমানোর জায়গা, মানুষের নয়।

ফাঁসির আসামীর পাশে সালমান

চলতি বছরের ৩০ জুলাই, ১৯৯৩ সালে মুম্বাই হামলার আসামী ইয়াকুব মেমনের ফাঁসির রায় কার্যকর করা হয়। তার আগে সালমান টুইট করে জানান, তার মতে ইয়াকুব দোষী নন। বরং এই হামলার মূল হোতা হলেন ইয়াকুবের ভাই টাইগার মেমন ও কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিম, যারা দুজনেই ছিলেন পলাতক।

কিন্তু আদালতের রায়ের বিরোধিতা করায় সালমানকে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়। অবশেষে জনসম্মুখে নিজের মতামতের জন্য ক্ষমা চান তিনি।

একজোট যখন অভিনেত্রীরা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেই হয়রানির শিকার হচ্ছেন তারকারা, যার একটি বড় অংশ জুড়ে আছেন অভিনেত্রীরা। মহারাষ্ট্রে মাংস বেঁচা-কেনা নিষিদ্ধ হওয়া নিয়ে টুইট করে সমালোচনার শিকার হওয়ার পর প্রথমবারের মতো ট্রলের বিরুদ্ধে সোচ্চার হন সোনাম কাপুর।

#ওয়্যারইয়োরকারেজ হ্যাশট্যাগ দিয়ে এসব হয়রানিকারীদের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর আহবান জানান সোনাম। তার ডাকে প্রথম সাড়া দেন সানি লিওনি। এরপর একে একে যুক্ত হন সোনাকশি সিনহা ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা।