জীবনসঙ্গী পেলেন স্পর্শিয়া
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার রাতে ঘরোয়া আয়োজনে নির্মাতা রাফসান আহসানের সঙ্গে আংটি-বদল হয়ে গেলো তার।
স্পর্শিয়া গ্লিটজকে জানালেন, একটি অনলাইন শপের ভিডিওচিত্র নির্মাণের মাধ্যমেই সখ্যতা গড়ে উঠেছিলো তাদের। এরপর কাজের সুবাদে বেশ কয়েকবার দেখা। এভাবেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্ব, তারপর প্রেমে। অতঃপর পারিবারিক সম্মতিতে বুধবার রাতে হয়ে গেলো বাগদান।
বাগদান নিয়ে গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় স্পর্শিয়া বলেন, “বন্ধু যখন জীবনসঙ্গী হয়, তখন তার থেকে ভালো আর কিছু হতে পারে না।”
আরও কথা বললেন হবু স্বামীর পরিবার নিয়ে, “রাফসানের মা পুত্রবধূ নয়, একটা মেয়ে চেয়েছিলো। আর আমি তার সেই মেয়ে হতে পেরে ধন্য।”
বিয়ের পর ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করতে চান এই অভিনেত্রী।
“একটা প্রোডাকশন হাউজ দাঁড় করাতে চাই। আর কাজ করতে চাই স্বামী-স্ত্রী দুজনা মিলে”।
২৯ সেপ্টেম্বর স্পর্শিয়া-রাফসানের আকদ সম্পন্ন হবে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আর বিবাহোত্তর অনুষ্ঠান হবে আগামী বছরের যেকোনো সময়।
অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি ‘চক্র’, ‘প্রেমপ্রীতি’, ‘প্রেম একটি পাতানো সম্পর্ক’ সহ আরো একটি নাটকের কাজ শেষ করেছেন। যেগুলো ঈদে বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
