যে বিষয়টি নিয়ে লজ্জিত রহমান
মাদ্রাজের মোৎজার্ট ডাকা হয় তাকে। দুবার অস্কারজয়ী এই সুরকারের সংগীত প্রতিভা নিয়ে সন্দেহ করবেন, এমন মানুষ খুব কমই রয়েছেন। সেই এ আর রহমানই বলছেন একটি বিষয় নিয়ে ভীষণ লজ্জিত তিনি।
হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রহমান বলেন, “এই একটি বিষয় নিয়ে আমি লজ্জিত বোধ করি। লোকে আমাকে প্রশ্ন করে, আমি কেন তাদের গান গাই না? আমি তাদেরকে বলি, আমি যখন থেকে দিনে দুই ঘণ্টা করে রেওয়াজের সময় পাবো, তখন আমি আপনাদের গান গাইবো।”
“আমি দৈনিক রেওয়াজ করতে চাই, কিন্তু সময় খুঁজে পাই না। চব্বিশ ঘণ্টা যথেষ্ট সময় না।”
রহমান আরও বলেন, “আমার স্ত্রী আমাকে বলেছে, তুমি যদি দিনে সাত ঘণ্টা করে না ঘুমাও, তোমার সমস্ত রেকর্ডিং আমি বাতিল করে দেবো। আমার পরিবারের সবাই এটা নিয়ে চিন্তিত। সৌভাগ্যক্রমে সম্প্রতি আমি তাদের সঙ্গে সময় কাটাতে পারছি। এর জন্য আমি আনন্দিত।”
‘পিয়া হাজি আলি’, ‘কুন ফায়া কুন’, `খাজা মেরে খাজা’র মতো বেশ কিছু জনপ্রিয় সুফি গানের স্রষ্টা এ আর রহমান নাকি শুরুতে এই ঘরানা সম্পর্কে কিছুই জানতেন না।
“আমি সুফি গানে উৎসাহী হয়ে উঠি নুসরাত (নুসরাত ফাতেহ আলি খান) সাহেবের কারণে। আমি এর সম্পর্কে কিছুই জানতাম না। আমি ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানটি শুনি এবং এই ঘরানার সংগীতের সুর শুনে মুগ্ধ হয়ে যাই। আমি এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে নিজেই নিজের প্রথম কাওয়ালি ‘পিয়া হাজি আলি’ (ফিজা, ২০০০) গেয়ে ফেলি। আমার জন্য সুফি গানের মানে হলো নুসরাত সাহেবের কাওয়ালি। এর শুরু এখানে, শেষও এখানেই।”
