অবশেষে ‘গেইম অফ থ্রোন্স’, জন হ্যামের এমি জয়
প্রত্যেকবার মনোনয়নেই যাদের তুষ্ট থাকতে হতো এবারের এমি আসরটি ছিল যেন তাদেরই। অবশেষে সেরা ড্রামা সিরিজের এমি হাতে উঠলো এইচবিওর জনপ্রিয় ড্রামা সিরিজ 'গেইম অফ থ্রোন্স'-এর। ওদিকে সাত বারের ব্যর্থতার পর সেরা হলেন ‘ম্যাড ম্যান’ অভিনেতা জন হ্যাম।
সেরা ড্রামা সিরিজের খেতাবসহ চারটি পুরস্কার বাগিয়ে নিয়েছে ‘গেইম অফ থ্রোন্স’। টিরিয়ন ল্যানিস্টারের চরিত্রে রূপদানের জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার এমি বাগিয়ে নিয়েছেন পিটার ডিঙ্কলেজ। এছাড়াও সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন ডেভিড নাটার। আর সেরা গল্পের জন্য পুরস্কৃত হয়েছেন ডি বি ওয়েজ।
এই বিভাগেই ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস। ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’-এর দুঁদে আইনজীবীর ভূমিকায় অভিনয় এই সম্মান অর্জন করেন তিনি।
চলতি বছরই শেষ হওয়া জনপ্রিয় টিভি সিরিজ ‘ম্যাড ম্যান’-এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা জন হ্যাম অবশেষে জিতে নিলেন ড্রামা বিভাগের সেরা অভিনেতার খেতাব। এর আগে এই বিভাগে সাতবার মনোনীত হয়েছেন তিনি।
ড্রামা বিভাগে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর এমি জিতেছেন ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’-এর উজো আডুবা।
এই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ‘ট্রান্সপ্যারেন্ট’-এর জেফ্রি ট্যাম্বর। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘মম’ সিরিজের অ্যালিসন জ্যানি।
লিমিটেড সিরিজ বিভাগে ছয়টি পুরস্কার জিতে নিয়েছে ‘অলিভ কিটারেজ’। এই বিভাগের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রিচার্ড জেনকিন্স, সেরা অভিনেত্রী হয়েছেন ফ্র্যান্সেস ম্যাকডর্ম্যান্ড। পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিল মারে। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন লিসা চোলোডেঙ্কো। আর সেরা গল্পের জন্য পুরস্কৃত হয়েছেন জেইন অ্যান্ডারসন।
এই বিভাগে পার্শ্ব-চরিত্রের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘আমেরিকান ক্রাইম’ সিরিজের রেজিনা কিং।
সেরা রিয়ালিটি শোয়ের খেতাব জিতে নিয়েছে সংগীতভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘দ্য ভয়েস’। সেরা টিভি মুভি নির্বাচিত হয়েছে ‘বেসি’।
২০ সেপ্টেম্বর লস এঞ্জেলসের মাইক্রোসফ্ট থিয়েটারে বসে এমি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসর। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অ্যান্ডি স্যামবার্গ।
