লাকী আখন্দ সুরের বরপুত্র-তথ্যমন্ত্রী
‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আবার এল যে সন্ধ্যা’- এমন সব কালজয়ী গানের স্রষ্টা লাকী আখন্দ বরাবরই নিভৃতচারী। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি যখন থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন, তখন তাকে আজীবন সম্মাননা জানালো রেকর্ড লেবেল জি-সিরিজ।
রোববার ঢাকার টিসিবি ভবনে জি-সিরিজের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লাকী আখন্দের বড় বোন জেসমীন আখন্দ ও ভাইয়ের ছেলে দীপের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মাননার পাশাপাশি শিল্পীর পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেকও তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন, “প্রধানমন্ত্রী সংস্কৃতিসহ দেশের সকল অঙ্গনে যে নূতন সময়ের সূচনা করেছেন, অতন্দ্র প্রহরীর মতো শিল্পীদের তা রক্ষার দায়িত্ব রয়েছে। আর লাকী আখন্দের মতো কিংবদন্তী শিল্পীদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করাও আমাদের সকলের দায়িত্ব।”
তিনি আরও বলেন, "কথার ওপর সুরারোপে দক্ষতার জন্য লাকী সুরের বরপুত্র বলেই পরিচিত। আমরা প্রার্থনা করি, তিনি সুস্থ হয়ে আবার সংগীতের জগতে ফিরে আসেন।"
তথ্যমন্ত্রী বলেন, “শিল্পাঙ্গনে অবদান রাখার জন্য অবশ্যই প্রত্যেক শিল্পী-সুরকার-গীতিকারকে সম্মান জানাতে হবে, তবেই নতুন শিল্পীদের জন্ম হবে।”
জি-সিরিজ এবং অগ্নিবীণার এর স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদের সভাপতিত্বে বরেণ্য নজরুলশিল্পী খালিদ হাসান, রবীন্দ্রশিল্পী পাপিয়া সারোয়ার, ফকির আলমগীর, হায়দার হোসেনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
