২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটলসের রেকর্ডিং চুক্তি বিকোলো প্রায় লাখ ডলারে

ব্রিটিশ রক ব্যান্ড বিটলসের প্রথম রেকর্ডিং চুক্তিটি নিউ ইয়র্কে নিলামে বিক্রি হলো ৭৫ হাজার ডলারে। ছয় পৃষ্ঠার এই চুক্তিটি সংরক্ষিত ছিল উয়ে ব্লাশকে নামের এক জার্মান বিটলস ভক্তের কাছে, যিনি ২০১০ সালে মারা যান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 02:20 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

১৯৬১ সালে সম্পন্ন হওয়া এই রেকর্ডিং চুক্তির মাধ্যমে বিটলস প্রকাশ করে তাদের প্রথম সিঙ্গেল 'মাই বনি', যেটি ছিল একটি শিশুতোষ গানের রক সংস্করণ।

যদিও সে সময় গানটি প্রকাশিত হয় টনি শেরিডান অ্যান্ড দ্য বিট ব্রাদার্স ব্যান্ডের ব্যানারে। ষাটের দশকের শুরুতে জার্মানির বিভিন্ন পাবে নিয়মিত বাজাতো বিটলস। সে সময় বিখ্যাত ব্রিটিশ গায়ক টনি শেরিডান এর সহকারী ব্যান্ড হিসেবেই হামবুর্গের টপ টেন ক্লাবে বাজাতেন তারা।

পরবর্তীতে এই রেকর্ডের মাধ্যমেই বিটলস নজরে আসে প্রযোজক ব্রায়ান এপস্টেইনের, যিনি পরবর্তীতে ব্যান্ডের ম্যানেজার হিসেবে যোগদান করেন।

নিউ ইয়র্কে চুক্তিপত্রটি নিলামের দায়িত্বে থাকা পরিচালক ডিন হারমেয়ার জানান, "হামবুর্গে যদি বিটলস এই সময়টা না কাটাতো, হয়তো সংগীত অঙ্গনে রক ঘরানার পুরোধা হিসেবে তারা এতোটা জনপ্রিয়তা অর্জন করতে পারতো না।"

নিলামকৃত এই চুক্তিপত্রের সঙ্গে আরও রয়েছে বিটলসের সে সময়ের চার সদস্য জর্জ হ্যারিসন, জন লেনন, পল ম্যাককার্টনি এবং পিট বেস্ট এর স্বাক্ষর। যদিও পরে পিট বেস্ট এর পরিবর্তে ড্রামসের দায়িত্বে আসেন রিঙ্গো স্টার।

'মাই বনি' গানটি জার্মানি ছাড়া সে সময় আর কোথাও মুক্তি পায়নি। সে বছরই নিজেদের ব্যান্ডের নাম পাল্টে দ্য বিটলস করেন তারা এবং প্রকাশ করেন তাদের প্রথম হিট সিঙ্গেল 'লাভ মি ডু'।