'দিপিকার জন্য সারা জীবন অপেক্ষা করবো'
সহশিল্পী দিপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের কথা কখনও স্বীকার না করলেও, মাঝে মাঝেই যেন ইশারায় বুঝিয়ে দিতে চান রানভির সিং। এবার বললেন, দিপিকার জন্য সারা জীবন অপেক্ষা করবেন তিনি!
সম্প্রতি এই জুটির নতুন সিনেমা 'বাজিরাও মাস্তানি'র একটি গান প্রকাশিত হয়েছে। পুনেতে গান প্রকাশ উপলক্ষে এক আয়োজনে রানভির বলে বসলেন, দিপিকা এত সুন্দরী যে, তার জন্য সারা জীবন অপেক্ষা করবেন তিনি।
এ বিষয়ে পরে দিপিকাকে প্রশ্ন করা হলে তিনি সলজ্জ জবাব দেন "দয়া করে তাকে জিজ্ঞেস করুন কি প্রসঙ্গে তিনি এটা বলেছেন। তিনি ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করবেন নাকি কোনো রেস্তোরাঁয় দেখা করার জন্য।"
পরে অবশ্য রানভির বলেন, "আজকের অনুষ্ঠানে আসা সাংবাদিকরা সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো, দিপিকা এতই সুন্দরী, যে তার মতো নারীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো।"
'গোলিও কি রাসলিলা: রামলিলা'র সাফল্যের পর রানভির-দিপিকা জুটিকে নিয়ে সঞ্জয় লিলা বানসালি নির্মাণ করেছেন 'বাজিরাও মাস্তানি'। সিনেমায় আরও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
