আকশায় যখন উপেক্ষিত
বলিউডের মন্দার বছরে আকশায় কুমার ঝুলিতে পুরেছেন তিন তিনটি হিট ছবি। এহেন সুপারহিট তারকাকে পাত্তাই দিলেন না এক দর্শক।
সম্প্রতি স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে রেস্তোরাঁয় এমনই এক পরিস্থিতির মুখোমুখি হলেন 'খিলাড়ি' কুমার। শুধু তাই নয়, তাকে এড়িয়ে গিয়ে টুইঙ্কলের অটোগ্রাফ নেন সেই ব্যক্তি।
টুইটারে এমনই এক ছবি পোস্ট করেছেন আকশায়। যেখানে দেখা যায়, রেস্তোরাঁয় বসে থাকা টুইঙ্কলের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন এক ব্যক্তি। পাশ বসে থাকা আকশায়ের প্রতি কোনো আগ্রহই নেই তার।
রসিকতা করে আকশায় লেখেন, "আজকে এক ভক্তের দ্বারা উপেক্ষিত হলাম, তিনি মিসেস ফানিবোন্সের অটোগ্রাফ নিতে এসেছিলেন, আমার নয়! স্ত্রী যখন খ্যাতিমান লেখক হয়ে যায়, তখন এমনই তো হবে! #গর্বিত।"
অগাস্টে বের হয়েছে এক সময়ের অভিনেত্রী টুইঙ্কলের প্রথম বই 'মিসেস ফানিবোন্স।' পেঙ্গুইন্স ইন্ডিয়া প্রকাশ করেছে বইটি। বের হওয়ার সঙ্গে সঙ্গে বেস্ট সেলারের কাতারে পৌঁছে গেছে 'মিসেস ফানিবোন্স'।
